সৌরভের হ্যাটট্রিকে আরামবাগকে উড়িয়ে প্লে-অফে মোহামেডান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পিএম
মোহামেডান ফুটবল দল। ছবি- সংগৃহীত
সমীকরণ ছিল স্পষ্ট হারলে বিদায়, ড্র করলে অনিশ্চয়তা, আর জিতলে সরাসরি প্লে-অফের টিকিট। এমন কঠিন সমীকরণের ম্যাচে জ্বলে উঠল মোহামেডান স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার কুমিল্লার ভাষা শহীদ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ফেডারেশন কাপের পরের রাউন্ড নিশ্চিত করেছে সাদা-কালোরা। হ্যাটট্রিক করে বড় জয়ের নায়ক তরুণ ফরোয়ার্ড সৌরভ দেওয়ান।
বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) প্রথম লেগে এই আরামবাগের সঙ্গেই ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছিল মোহামেডান। তবে এদিন মাঠের লড়াইয়ে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়নরা। যদিও গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৩৯ মিনিট পর্যন্ত। মাঝমাঠ থেকে এলি কেলের বাড়ানো ক্রস নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের নিখুঁত কোনাকুণি শটে দলকে এগিয়ে নেন জুয়েল মিয়া। এর আগে ৩৬ মিনিটে কেলের একটি ফ্রি-কিক পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে গেলে হতাশ হতে হয় সমর্থকদের।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়ায় মতিঝিল পাড়ার ক্লাবটি। ৬৮ মিনিটে সৌরভ একবার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে ৭৫ মিনিটে আর ভুল করেননি তিনি। কাজী রাহাতের ক্রস থেকে ডি-বক্সের ভেতর বল পেয়ে দারুণ হেডে ব্যবধান দ্বিগুণ করেন সৌরভ। এর ঠিক চার মিনিট পরেই বক্সের ভেতর থেকে জোরালো নিচু শটে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন তিনি।
ম্যাচের শেষ দিকে হ্যাটট্রিক পূর্ণ করে আরামবাগের কফিনে শেষ পেরেকটি ঠোকেন সৌরভ। সতীর্থের থ্রু পাস ধরে অফসাইড ট্র্যাপ ভেঙে বাম পায়ের দর্শনীয় শটে গোল উৎসব মাতেন তিনি। আরামবাগ মাঝে একবার ব্যবধান কমানোর সুযোগ পেলেও আরিফুলের ব্যর্থতায় গোল পায়নি তারা।
এই জয়ে ‘বি’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে প্লে-অফে পা রাখল মোহামেডান। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো পুলিশ এফসি'কে। প্লে-অফের টিকিট নিশ্চিত করে শিরোপা ধরে রাখার মিশনে এক ধাপ এগিয়ে গেল সাদা-কালো শিবির।
