মেসির সাবেক সতীর্থের ছবি নিয়ে তুমুল আলোচনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৭:১০ পিএম
ছবি- সংগৃহীত
মাঠের সবুজ গালিচা ছেড়ে অবসরে যাওয়ার মাত্র চার বছরের মাথায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আমূল বদলে যাওয়া চেহারা দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিয়ামির একটি স্পোর্টস স্টোরে এক ভক্তের সঙ্গে তোলা ছবিতে অগোছালো চুল, দীর্ঘ দাড়ি এবং ক্যাজুয়াল পোশাকে তাঁকে দেখে খোদ ভক্তরাই শুরুতে চিনতে হিমশিম খেয়েছেন।
ভাইরাল হওয়া ছবিটিতে সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকাকে স্লিভলেস টপ, নীল শর্টস এবং স্যান্ডেল পরা অবস্থায় দেখা যায়। তার এই পরিবর্তিত রূপ দেখে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে রসিকতা। জনপ্রিয় ভিডিও গেম 'জিটিএ ফাইভ'-এর চরিত্র ট্রেভর ফিলিপসের সঙ্গে হিগুয়েইনকে তুলনা করে একজন লিখেছেন,'এ তো জিটিএ ফাইভ-এর ট্রেভর!' আরেক ভক্ত বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেছেন, 'হিগুয়েইনকে দেখে মনে হচ্ছে যিশুর ১২ জন শিষ্যের একজন।' কেউ কেউ আবার মজা করে লিখেছেন যে, তাকে এখন দেখে মনে হচ্ছে কোনো খামারের শ্রমিক।
ছবিটি এতোটাই অবিশ্বাস্য ছিল যে, অনেকে এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর কাজ বলে সন্দেহ করেছিলেন। তবে ছবিটি আসল নিশ্চিত হওয়ার পর হাজার হাজার ফুটবল অনুরাগী প্রিয় তারকার এমন 'ভবঘুরে' লুক নিয়ে বিস্ময় প্রকাশ করেন। অনেকে প্রশ্ন তুলেছেন, ফুটবল থেকে দূরে গিয়ে তিনি নিজেকে এতোটা বদলে ফেলেছেন কেন?
২০০৯ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হওয়া হিগুয়েইন তার ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ, নাপোলি, জুভেন্টাস ও চেলসির মতো বড় ক্লাবে খেলেছেন। ২০২২ সালে ইন্টার মিয়ামির হয়ে সব ধরনের ফুটবল থেকে অবসর নেওয়ার আগে তিনি ৭০০ ম্যাচে ৩০০-এর বেশি গোল করে নিজেকে প্রজন্মের অন্যতম সফল স্ট্রাইকার হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন।
