শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় মিরপুর টেস্ট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৬:১৩ পিএম
ছবি- সংগৃহীত
মিরপুর টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। বৃষ্টি ও আলোক স্বল্পতায় দিনের অনেকটা সময় নষ্ট হলেও নাজমুল হোসেন শান্তর দৃঢ়তায় বড় সংগ্রহের পথে রয়েছে স্বাগতিকেরা। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রান তুলে দিন শেষ করেছে টাইগাররা। ৭ উইকেট হাতে রেখে বাংলাদেশের লিড এখন ১৭৯ রানের।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ৪১৩ রানের জবাবে ৩৮৬ রানে অলআউট হয় পাকিস্তান। চতুর্থ দিনের সকালে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। ব্যক্তিগত ৪ রানে জয়কে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আব্বাস আফ্রিদি। ১১তম ওভারে ১০ রান করা সাদমানকে সাজঘরে ফেরান হাসান আলী। মাত্র ২৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকেরা।
তবে তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। তাদের ব্যাটে চড়ে ২ উইকেটে ৮৬ রান তুলে লাঞ্চে যায় বাংলাদেশ। বিরতির পরই মিরপুরে নামে ভারী বৃষ্টি। প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকায় দ্বিতীয় সেশনের পুরোটাই ভেসে যায়।
বৃষ্টির পর মুমিনুল ১০৫ বলে ফিফটি পূর্ণ করেন। তবে ৫৬ রান করে মুমিনুল বিদায় নিলে ভাঙে ১০৫ রানের জুটি। মুমিনুল ফিরলেও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান শান্ত তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের আরও একটি ফিফটি। দিন শেষে শান্তর সঙ্গে অপরাজিত আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।
চতুর্থ দিনের শেষ বিকেলে আলোক স্বল্পতার কারণে খেলা নির্ধারিত সময়ের আগেই বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা। ফলে ম্যাচের ভাগ্য গড়াচ্ছে পঞ্চম ও শেষ দিনে।
