গালিগালাজের শাস্তি পেলেন কোহলিদের কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৯:০২ পিএম
ছবি- সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন এন্ডি ফ্লাওয়ার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, ফ্লাওয়ার আচরণবিধির ২.৩ ধারা লঙ্ঘন করেছেন। এই ধারাটি ম্যাচ চলাকালে শোনা যায় এমন অশালীন ভাষা ব্যবহারের সঙ্গে সম্পর্কিত
ঘটনাটি ঘটে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বেঙ্গালুরুর ইনিংসের ১৭.২ ওভারে। একটি বিতর্কিত বাউন্ডারি সিদ্ধান্তকে কেন্দ্র করে চতুর্থ আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত তর্কে জড়িয়ে পড়েন ফ্লাওয়ার।
ওই ওভারে ক্রুনাল পান্ডিয়া আফগান স্পিনার এএম গজনফরের বলে লং-অনের দিকে শট খেলেন। বাউন্ডারি লাইনের কাছে নমন ধীর ক্যাচ ধরলেও দড়ির কাছাকাছি চলে যাওয়ার সময় বলটি তিলক ভার্মা-র দিকে ছুড়ে দেন। তিলক ক্যাচ নেওয়ার চেষ্টা না করায় মাঠে বিভ্রান্তি তৈরি হয়।
প্রথমে মনে করা হয়েছিল, ক্যাচ ধরার সময় নমনের পা বাউন্ডারি কুশনে লেগেছিল। তবে রিপ্লেতে দেখা যায়, তিনি কুশন স্পর্শ করেননি। ফলে ওই বলে কোনো রান হয়নি।
পরে চতুর্থ আম্পায়ারের সঙ্গে আক্রমণাত্মক আচরণের দায় স্বীকার করেন ফ্লাওয়ার। ম্যাচ রেফারি অমিত শর্মার দেওয়া শাস্তিও মেনে নিয়েছেন তিনি।
