রোমাঞ্চকর জয়ে ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৮:৪৪ পিএম
ছবি- সংগৃহীত
লিগ শিরোপার দৌড়ে পিছিয়ে থাকলেও ফেডারেশন কাপে দারুণ ছন্দে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ মঙ্গলবার (১২ মে) ব্রাদার্স ইউনিয়নকে ২–১ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে সাদা-কালোরা। ফরোয়ার্ড সৌরভ দেওয়ানের জোড়া গোলে জয় নিশ্চিত করে গত চার বছরের মধ্যে তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে নাম লেখাল তারা।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ম্যাচের ৩৮ মিনিটে এগিয়ে যায় মোহামেডান। রহমত মিয়ার লং থ্রো থেকে এলি কেকের পাসে হেডে লক্ষ্যভেদ করেন সৌরভ দেওয়ান। ১–০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ঐতিহ্যবাহী ক্লাবটি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সমতায় ফিরতে মরিয়া ছিল ব্রাদার্স। ম্যাচের ৭২ মিনিটে ডি-বক্সের সামনে ফাউল থেকে পাওয়া ফ্রি-কিক কাজে লাগান ব্রাদার্স অধিনায়ক জামাল ভূঁইয়া। তাঁর দুর্দান্ত শটে ম্যাচে ১–১ সমতা ফেরে। নির্ধারিত সময় শেষ হওয়ার পর ম্যাচটি অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটেই নাটকীয়ভাবে মোহামেডানকে উল্লাসে মাতান সৌরভ। মুজাফফর মুজাফফরভের কর্নার থেকে পাওয়া বলে ভলিতে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
ম্যাচ শেষে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই দলের খেলোয়াড়েরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে মোহামেডানের মুজাফফরভের মুখ ফেটে রক্ত ঝরতে দেখা যায়। আগামী ১৯ মে বসুন্ধরা কিংস অ্যারেনায় শিরোপা নির্ধারণী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মোহামেডান। এর আগে প্রথম কোয়ালিফায়ারে ব্রাদার্সকে ৪–০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল কিংস।
