×

খেলা

আবারও দেশের দ্রুততম মানব ইমরানুর, শিরিন আক্তারের হারানো মুকুট পুনরুদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৭:২৪ পিএম

আবারও দেশের দ্রুততম মানব ইমরানুর, শিরিন আক্তারের হারানো মুকুট পুনরুদ্ধার

ছবি : সংগৃহীত

জাতীয় অ্যাথলেটিকসে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে লন্ডন থেকে দেশে ফিরেই দারুণ সাফল্য পেয়েছেন ইমরানুর রহমান। রোববার (১৭ মে) অনুষ্ঠিত ১০০ মিটার স্প্রিন্টে সবাইকে পেছনে ফেলে তিনি আবারও দেশের দ্রুততম মানবের খেতাব জিতে নেন। একই দিনে মেয়েদের বিভাগে হারানো শিরোপা পুনরুদ্ধার করেছেন শিরিন আক্তার।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ৪৯তম জাতীয় অ্যাথলেটিকসের প্রথম দিনেই ১০০ মিটার স্প্রিন্টে নিজ নিজ ইভেন্টে আধিপত্য দেখান এই দুই স্প্রিন্টার।

১০০ মিটার দৌড় অ্যাথলেটিকসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট হিসেবে বিবেচিত। এই ইভেন্টে দীর্ঘদিন ধরে দাপট দেখিয়ে আসছেন ইমরানুর রহমান। এবারও দুর্দান্ত সময় নিয়ে প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে শিরোপা নিশ্চিত করেন তিনি।

পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশ নৌবাহিনীর ইমরানুর রহমান ১০.৫৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। তার সতীর্থ মোহাম্মদ ইসমাইল ১০.৮৬ সেকেন্ড নিয়ে দ্বিতীয় এবং বাংলাদেশ বিমানবাহিনীর নাইম ইসলাম ১০.৯১ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন।

এর আগে গত আগস্টে জাতীয় সামার অ্যাথলেটিকসে তিনি ১০.৬৪ সেকেন্ড সময় নিয়ে শিরোপা জিতেছিলেন। ২০২২ সালের পর দেশের মাটিতে অনুষ্ঠিত সাতটি প্রতিযোগিতার মধ্যে ছয়টিতেই অংশ নিয়ে সবকটিতেই সেরা হয়েছেন তিনি। এ নিয়ে ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো দেশের দ্রুততম মানবের খেতাব জিতলেন ইমরানুর।

প্রতিযোগিতা শেষে ইমরানুর জানান, প্রতিদ্বন্দ্বীদের তিনি সম্মান করেন, তবে নিজের প্রস্তুতি ও সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন। চোট থেকে ফিরে আবারও সাফল্য পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস ও এসএ গেমসে ভালো করার লক্ষ্যও ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে মেয়েদের ১০০ মিটার ইভেন্টে গতবার শিরোপা হারানো শিরিন আক্তার এবার দুর্দান্তভাবে ফিরে আসেন। ১২.১০ সেকেন্ড সময় নিয়ে তিনি আবারও দেশের দ্রুততম মানবীর আসন পুনরুদ্ধার করেন। গত আসরে শিরোপা জিতেছিলেন সুমাইয়া আক্তার, তবে এবার তিনি প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পেরে চতুর্থ হন।

এই জয়ের মাধ্যমে ক্যারিয়ারে ১৭তম বারের মতো দেশের দ্রুততম মানবী হলেন শিরিন আক্তার। এর মাধ্যমে তিনি সাবেক স্প্রিন্টার নাজমুন নাহার বিউটির ১৭ শিরোপার রেকর্ডের সমতায় পৌঁছান। স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিউটি নিজেও।

শিরোপা পুনরুদ্ধারের পর আবেগঘন প্রতিক্রিয়া দেন শিরিন। গত বছরের হারের পর আবেগে কিছু মন্তব্য করেছিলেন বলেও উল্লেখ করে তিনি সবার কাছে দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে কোচ, বাংলাদেশ নৌবাহিনী, বিকেএসপি এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি জানান, পড়াশোনার পাশাপাশি অ্যাথলেটিকস চালিয়ে যেতে চান এবং ভবিষ্যতে দেশের বাইরে উচ্চশিক্ষা ও পিএইচডি করার ইচ্ছাও রয়েছে তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App