ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগে মারাত্মক ভুলের শিকার নেইমার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৪:২১ পিএম
ছবি- সংগৃহীত
ব্রাজিলিয়ান সিরি’আতে রেলিগেশন জোনের কিনারায় দাঁড়িয়ে সান্তোস। রবিবার (১৭ মে) কোরিটিবার বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলের ষোড়শ (১৬তম) অবস্থানে নেমে গেছে তারা। দলের এমন বড় হারের দিনে নিও কুইমিকা অ্যারেনায় ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত ও বিতর্কিত ঘটনা।
ম্যাচের ৬৮তম মিনিটে খেলোয়াড় পরিবর্তনের বিষয়টি ভুল বোঝেন চতুর্থ রেফারি। কোচিং স্টাফের পরিকল্পনার বাইরে ভুলবশত নেইমার জুনিয়রকেই মাঠ থেকে উঠিয়ে নেওয়ার সংকেত দেন তিনি। রেফারির এমন সিদ্ধান্তে মাঠেই তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় ব্রাজিলিয়ান এই তারকাকে।
প্রতিবাদ জানাতে গিয়ে মাঠ ছাড়ার সময় সরাসরি ক্যামেরার সামনে চলে যান নেইমার। আকার-ইঙ্গিতে বিশ্ববাসীকে দেখানোর চেষ্টা করেন, তাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়ার এই সিদ্ধান্তটি সম্পূর্ণ ভুল ছিল।
নেইমার মাঠে থাকলে শেষ মুহূর্তে সান্তোসের ভাগ্য বদলাত কি না, তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। কারণ ততক্ষণে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিল তার দল। তবে সান্তোসের জার্সিতে নেইমার ছন্দে ছিলেন। এই ম্যাচের আগের তিন ম্যাচেও দুটি গোল এবং একটি অ্যাসিস্ট ছিল তার নামের পাশে।
সান্তোসের জন্য এই হার অনেক বড় একটি ধাক্কা। পয়েন্ট টেবিলের ১৭তম স্থানে থাকা গ্রেমিও যদি তাদের পরের ম্যাচে জয় পায়, তবে সান্তোস সরাসরি রেলিগেশন জোনে পড়ে যাবে।
সোমবার (১৮ মে) ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা করার কথা রয়েছে। তার ঠিক আগ মুহূর্তে নেইমারকে ঘিরে মাঠের এমন নাটকীয় পরিস্থিতি সে দেশের ফুটবল অঙ্গনে বেশ উত্তাপ তৈরি করেছে। এখন দেখার বিষয়, দল ঘোষণার আবহে এই ঘটনার রেশ কতদূর গড়ায়।
