কোলম্যান হচ্ছেন না বাংলাদেশের কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৯:৪৩ পিএম
ক্রিস কোলম্যান। ছবি- সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার দৌড়ে ক্রিস কোলম্যান সবচেয়ে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ওয়েলসের সাবেক এই কোচকে নিয়োগ দিচ্ছে না বাফুফে। আজ সোমবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি জানান, দুই-এক দিনের মধ্যেই নতুন কোচের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
কোচ নিয়োগের জন্য বাফুফের সংক্ষিপ্ত তালিকায় কোলম্যানের সঙ্গে ছিলেন জার্মানির বার্নড স্টর্ক ও ফিলিপাইনের সাবেক কোচ টমাস ডুলি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তাদের মধ্যে বার্নড স্টর্কেরই বাংলাদেশের কোচ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
কোচ নিয়োগে বিলম্ব হওয়ার কারণ ব্যাখ্যা করে বাফুফে সভাপতি বলেন, ‘১৫ মে’র মধ্যেই আমরা কোচ চূড়ান্ত করেছিলাম। কিন্তু চুক্তির শেষ মুহূর্তে এজেন্ট ফি’র বিষয়টি সামনে আসে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এজেন্টের বাড়তি ফি দিয়ে চুক্তি করতে রাজি নয়। ওদিকে এজেন্টের ফি ছাড়া তারাও চুক্তি করতে চাচ্ছিল না। ফলে সেই প্রক্রিয়া সেখানেই থেমে যায়। আমরা নতুন আরেকজনের সঙ্গে আলোচনা শুরু করেছি, যা আজ-কালের মধ্যে আপনারা জানতে পারবেন।’
তাবিথ আউয়াল জানান, আগামী ২৪ মে নতুন কোচের অধীনে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখেই দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দুই বছরের জন্য প্রধান কোচ নিয়োগ দিচ্ছে বাফুফে। নতুন কোচের পারিশ্রমিক ও আনুষঙ্গিক বিষয়ে সরকারের সহযোগিতাও চেয়েছেন বাফুফে সভাপতি।
গত এপ্রিলে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই জাতীয় দলের প্রধান কোচের পদটি শূন্য রয়েছে।
