×

খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় ফার্নান্দেজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১০:৫৪ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় ফার্নান্দেজ

ব্রুনো ফার্নান্দেস। ছবি- সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডকে আবার চ্যাম্পিয়নস লিগে ফেরানোর পথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ব্রুনো ফার্নান্দেস। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিও পেলেন এই পর্তুগিজ মিডফিল্ডার। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের সেরা খেলোয়াড় (প্লেয়ার অব দ্য সিজন) নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক।

এই প্রথম প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ব্রুনো। ইউনাইটেডকে লিগ টেবিলের তৃতীয় স্থানে তুলতে বড় ভূমিকা রেখেছেন ৩১ বছর বয়সি এই মিডফিল্ডার। চলতি মৌসুমে তিনি নিজে ৮টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ২০টি গোল (অ্যাসিস্ট)।

এক মৌসুমে ২০ অ্যাসিস্টের এই কীর্তি ব্রুনোকে বসিয়েছে প্রিমিয়ার লিগ ইতিহাসের দুই কিংবদন্তি থিয়েরি অঁরি ও কেভিন ডি ব্রুইনার পাশে। এক মৌসুমে ২০ অ্যাসিস্টের রেকর্ডটি এত দিন যৌথভাবে ছিল সাবেক আর্সেনাল ফরোয়ার্ড অঁরি ও ম্যানচেস্টার সিটির ডি ব্রুইনার দখলে। মৌসুমের শেষ ম্যাচ হাতে রেখেই সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন ব্রুনো।

আগামী রোববার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে ব্রুনোর সামনে সুযোগ থাকছে রেকর্ডটি এককভাবে নিজের করে নেওয়ার। আর একটি অ্যাসিস্ট করলেই প্রিমিয়ার লিগের এক মৌসুমে সবচেয়ে বেশি অ্যাসিস্টের একক মালিক হয়ে যাবেন ইউনাইটেড তারকা।

শুধু অ্যাসিস্টই নয়, সুযোগ তৈরির হিসাবেও এই মৌসুমে বাকিদের চেয়ে অনেক এগিয়ে ছিলেন ব্রুনো। লিগে সর্বোচ্চ ১৩২টি সুযোগ তৈরি করেছেন তিনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের ডমিনিক সোবোসলাই তৈরি করেছেন ৮৯টি সুযোগ।

বর্ষসেরার দৌড়ে ব্রুনোর সঙ্গে ছিলেন আর্সেনালের শিরোপাজয়ী দলের গ্যাব্রিয়েল, ডেভিড রায়া ও ডেকলান রাইস। আরও ছিলেন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, বোর্নমাউথের আন্তোইন সেমেনিয়ো, নটিংহাম ফরেস্টের মরগান গিবস-হোয়াইট এবং ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগো। সবাইকে পেছনে ফেলেই পুরস্কারটি জিতলেন ব্রুনো।

এ মাসের শুরুতে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কারও পেয়েছিলেন ব্রুনো। এ ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের ‘স্যার ম্যাট বাসবি প্লেয়ার অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন পঞ্চমবারের মতো। এবার তাঁর মুকুটে যোগ হলো প্রিমিয়ার লিগের মৌসুমসেরার স্বীকৃতি।

এদিকে প্রিমিয়ার লিগের বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির নিকো ও’রাইলি। ২১ বছর বয়সি এই ফুটবলার সিটির একাডেমি থেকে উঠে এসে এবারের মৌসুমে পেপ গার্দিওলার দলে নিয়মিত জায়গা করে নিয়েছেন। মূলত লেফটব্যাক হিসেবে খেললেও মাঝমাঠেও দারুণ অবদান রেখেছেন তিনি।

লিগে ৩৪ ম্যাচ খেলেছেন ও’রাইলি, যার ২৯টিতেই ছিলেন শুরুর একাদশে। করেছেন ৫ গোল ও ৩ অ্যাসিস্ট। এই মৌসুমের নজরকাড়া পারফরম্যান্স তাকে ইংল্যান্ডের বিশ্বকাপ দলেও জায়গা এনে দিয়েছে।

পুরস্কার জিতে ও’রাইলি বলেন, গত মৌসুমে সিনিয়র ফুটবলে প্রথম কয়েকটি ম্যাচ খেলার পরই বুঝতে পেরেছিলেন, কঠোর পরিশ্রম করলে এবার আরও বেশি সুযোগ আসবে। এত বেশি সময় মাঠে থাকা এবং কোচ ও সতীর্থদের আস্থা অর্জনকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন সিটির এই তরুণ ফুটবলার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও দুই মাস বাড়ছে যুদ্ধবিরতির মেয়াদ

ইরান-যুক্তরাষ্ট্র আরও দুই মাস বাড়ছে যুদ্ধবিরতির মেয়াদ

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় ফার্নান্দেজ

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় ফার্নান্দেজ

উত্তরের ঈদযাত্রায় এলেঙ্গা-যমুনা সেতু অংশে যানজটের শঙ্কা

উত্তরের ঈদযাত্রায় এলেঙ্গা-যমুনা সেতু অংশে যানজটের শঙ্কা

পে-স্কেলে শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর

পে-স্কেলে শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App