দিবালাকে বাদ দেওয়ার কারণ জানালেন স্কালোনি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৯:২৮ পিএম
ছবি- সংগৃহীত
শিরোপা ধরে রাখার মিশন নিয়ে ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড সাজানোর শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ২০২২ সালের বিশ্বজয়ী দলের বেশ কয়েকজন সদস্য এবার বাদ পড়েছেন। তবে সবচেয়ে বড় চমক ছিল তারকা ফরোয়ার্ড পাওলো দিবালার অনুপস্থিতি। রোমার হয়ে দুর্দান্ত ফর্মে থাকার পরও প্রাথমিক দলেও কেন দিবালার জায়গা হয়নি, তা নিয়ে অবশেষে মুখ খুলেছেন আলবিসেলেস্তেদের মাস্টারমাইন্ড।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ডি-স্পোর্টস’–কে দেওয়া এক সাক্ষাৎকারে দিবালাকে বাদ দেওয়ার কারণ স্পষ্ট করেছেন স্কালোনি। তিনি বলেন, ‘পাওলো কত বড় মাপের খেলোয়াড়, তা নতুন করে বলার কিছু নেই। সে ক্লাবের হয়ে ছন্দে ফিরেছে এবং দলকে চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই করিয়েছে। কিন্তু ফুটবলে এমনটা সব সময়ই হয়—নতুন তরুণেরা উঠে আসে যারা দলে অবদান রাখছে। অনেকে আবার নির্দিষ্ট পজিশনে নিজেদের থিতু করে নিয়েছে। তাই আমরা অন্য খেলোয়াড়দের স্কোয়াডে রাখার কঠিন সিদ্ধান্তটি নিয়েছি।’
গত ১১ মে বিশ্বকাপের ৫৫ সদস্যের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেন স্কালোনি। সেখানে দিবালার নাম না থাকায় সমর্থকেরা বেশ অবাক হন। মূলত জাতীয় দলের সঙ্গে দীর্ঘদিনের দূরত্বই দিবালাকে বাদ দেওয়ার প্রধান কারণ। তিনি সর্বশেষ আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নেমেছিলেন ২০২৪ সালের সেপ্টেম্বরে। চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাত্র ১৬ মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন এই ফরোয়ার্ড।
এরপর থেকে আর্জেন্টিনার প্রতিটি আন্তর্জাতিক উইন্ডোতেই দলের বাইরে ছিলেন দিবালা। আর এই সুযোগে নিকো পাজ ও এমিলিয়ানো বুয়েন্দিয়ার মতো তরুণেরা দুর্দান্ত পারফর্ম করে স্কোয়াডে নিজেদের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন। বিশ্বজয়ী দিবালার বয়স এখন ৩২ বছর। বিশ্বকাপের পর আর্জেন্টিনার ফুটবলের ভবিষ্যৎ কোন দিকে যাবে—সেই দূরদর্শী ভাবনা থেকেই তাকে এবার উপেক্ষা করা হয়েছে।
স্কালোনি আরও বলেন, ‘পাওলোর প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা সবাই ওকে ভীষণ ভালোবাসি, মানুষ হিসেবেও ও অসাধারণ। কিন্তু আমাদের বর্তমানের পাশাপাশি ভবিষ্যতের কথাও ভাবতে হবে। বিশ্বজয়ী দলের আরও বেশ কয়েকজন এবার বাদ পড়েছে। আসলে ফুটবল প্রতিদিনের পারফরম্যান্সের ওপর চলে।’
২০২৫-২৬ মৌসুম মাঠ ও মাঠের বাইরে দিবালার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। এএস রোমায় নতুন কোচের কৌশলের সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াইয়ের পাশাপাশি হাঁটুর অস্ত্রোপচারের কারণে মৌসুমের একটি বড় অংশ তিনি মাঠের বাইরে কাটান। অবশ্য রোমার টানা পাঁচ ম্যাচ জয়ের শেষ দিকে দুর্দান্ত তিনটি ম্যাচে চার-চারটি অ্যাসিস্ট করে দলকে চ্যাম্পিয়নস লিগের টিকিট এনে দেন তিনি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। স্কালোনির প্রাথমিক তালিকা প্রকাশের ঠিক আগমুহূর্তে এই পারফরম্যান্স আসায় কোচের সিদ্ধান্ত বদলানোর মতো পর্যাপ্ত সময় আর দিবালার হাতে ছিল না।
