জকোভিচকে হারিয়ে ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ানের ইতিহাস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৩:৩৪ পিএম
ছবি- সংগৃহীত
রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন নিয়ে ফ্রেঞ্চ ওপেনে খেলতে নেমেছিলেন নোভাক জকোভিচ। কিন্তু প্যারিসের ক্লে কোর্টে ৩৯ বছর বয়সী এই সার্বিয়ান কিংবদন্তিকে স্তব্ধ করে দিলেন ১৯ বছরের এক ব্রাজিলিয়ান কিশোর। গতকাল শুক্রবার (২৯ মে) টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের মহাকাব্যিক লড়াইয়ে জকোভিচকে হারিয়ে ইতিহাস গড়েছেন জোয়াও ফনসেকা। এই পরাজয়ে মার্গারেট কোর্টের ২৫টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপার রেকর্ড ছাড়িয়ে যাওয়ার অপেক্ষা আরও দীর্ঘ হলো জকোভিচের।
টানা দুই সেট জিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েও শেষ পর্যন্ত ৪-৬, ৪-৬, ৬-৩, ৭-৫, ৭-৫ ব্যবধানে হেরে যান জকোভিচ। পাঁচ ঘণ্টার চেয়ে মাত্র সাত মিনিট কম সময় ধরে চলা এই শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় নিশ্চিত করে ইতিহাস গড়েন ফনসেকা। তিনি বিশ্বের প্রথম কিশোর খেলোয়াড়, যিনি কোনো গ্র্যান্ড স্ল্যামে জকোভিচকে হারানোর কীর্তি দেখালেন। এক দিন আগে টেনিসের বর্তমান নম্বর ওয়ান ইয়ানিক সিনারের অপ্রত্যাশিত বিদায়ের পর এবার জকোভিচের হারে প্যারিসের টুর্নামেন্ট এখন আরও বেশি উন্মুক্ত হয়ে গেল।
৩৯ বছরে পা দেওয়ার মাত্র এক সপ্তাহ পর খেলতে নামা জকোভিচ ম্যাচের শুরুতে ছিলেন দুর্দান্ত। প্রথম ছয় গেমের মধ্যে পাঁচটিতেই জয় পেয়ে রৌদ্রোজ্জ্বল কোর্ট ফিলিপ-শাত্রিয়েতে প্রথম সেটে নিজের আধিপত্যের ঘোষণা দেন। অসাধারণ লব, শক্তিশালী ফোরহ্যান্ড উইনার আর চমৎকার ড্রপ শটে তিনি প্রতিপক্ষকে চেপে ধরেন। শেষ দিকে ফনসেকা কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও জকোভিচ প্রথম সেট নিজের করে নেন।
জকোভিচ ২০০৮ সালের অস্ট্রেলিয়ান ওপেনে যখন নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছিলেন, তখন প্রতিপক্ষ ফনসেকার জন্মই হয়নি। তবু দ্বিতীয় সেটে তরুণ ব্রাজিলিয়ান অভিজ্ঞ প্রতিপক্ষের সঙ্গে সমানতালে লড়াই করেন। কিন্তু পঞ্চম গেমে সার্ভিস হারিয়ে বসার সুযোগে ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে নেন তৃতীয় বাছাই জকোভিচ। ৫-৩ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর মুষ্টিবদ্ধ হাতে সেট জয়ের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
তবে তৃতীয় সেট থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেন ফনসেকা। নিজের খেলার মান আরও উঁচুতে নিয়ে তিনি একটি সেট ফিরিয়ে আনেন। এরপর চতুর্থ সেটের শুরুতেই ব্রেক আদায় করে গ্যালারির দর্শকদের মাতান। আগ্রাসী ও শক্তিশালী শটের মাধ্যমে ম্যাচকে দুই সেটের সমতায় নিয়ে আসেন ফনসেকা। তার কিছু শট দেখে জকোভিচকেও বিস্মিত মনে হচ্ছিল।
নির্ধারক পঞ্চম সেটে ফনসেকা শুরুতে ১-৩ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন। কিন্তু অসাধারণ মানসিক দৃঢ়তা দেখিয়ে ১০ গেম শেষে সমতা বজায় রাখেন। এরপর গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্রেক করে ৬-৫ ব্যবধানে এগিয়ে যান। শেষ গেমে টানা তিনটি এস মেরে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ও ঐতিহাসিক জয়টি নিশ্চিত করেন এই ব্রাজিলিয়ান কিশোর।
