×

খেলা

গিলের সেঞ্চুরিতে ম্লান সূর্যবংশীর তাণ্ডব, ফাইনালে গুজরাট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৩:৪৩ পিএম

গিলের সেঞ্চুরিতে ম্লান সূর্যবংশীর তাণ্ডব, ফাইনালে গুজরাট

অনবদ্য এক সেঞ্চুরি হাঁকিয়েছেন শুবমান গিল। ছবি- সংগৃহীত

বৈভব সূর্যবংশীর ৪৭ বলে ৯৬ রানের টর্নেডো ইনিংসকে ম্লান করে দিলেন শুবমান গিল। গুজরাট টাইটান্স অধিনায়কের ৫৩ বলে ১০৪ রানের দুর্দান্ত সেঞ্চুরিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়েছে গুজরাট। এই জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল দলটি। আগামী ৩১ মে শিরোপার লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে গুজরাট টাইটান্স।

নিউ চণ্ডীগড়ে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজস্থান। প্রথম ওভারেই মাত্র ১ রান করে বিদায় নেন যশস্বী জাইসওয়াল। তিনে নামা ধ্রুব জুরেলও (৭) দ্রুত সাজঘরে ফেরেন। ৯ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন ওপেনার বৈভব সূর্যবংশী ও রবীন্দ্র জাদেজা। পাওয়ারপ্লের ৬ ওভারে দল তোলে ৭০ রান। ৩১ বলে এবারের আসরে নিজের ‘ধীরগতির’ ফিফটি ছোঁয়ার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন সূর্যবংশী। তবে মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করে ৪৭ বলে ৯৬ রান করে আউট হন এই তরুণ।

মাঝপথে জাদেজা রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লে নামেন অধিনায়ক রিয়ান পরাগ (১১)। এরপর দাসুন শানাকা (৩) ও জফরা আর্চার (৭) দ্রুত বিদায় নিলেও শেষ দিকে ডনোভান ফেরেইরার ১১ বলে ৩৮ রানের ক্যামিও এবং জাদেজার ৩৫ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংসে ৫ উইকেটে ২১৪ রানের পাহাড় গড়ে রাজস্থান। গুজরাটের হয়ে জেসন হোল্ডার ও কাগিসো রাবাদা ২টি করে এবং প্রসিধ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজ ১টি করে উইকেট নেন।

২১৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাটকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার সাই সুদর্শন ও শুবমান গিল। পাওয়ারপ্লেতেই তারা স্কোরবোর্ডে তোলেন ৬৯ রান। রাজস্থানের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে দুজনেই ফিফটি তুলে নেন। উদ্বোধনী জুটিতে আসে ১৬৭ রান। ৩২ বলে ৫৮ রান করে সুদর্শন বিদায় নিলে ভাঙে এই জুটি।

অন্যপ্রান্তে আরও বিধ্বংসী রূপ নিয়ে সেঞ্চুরি তুলে নেন গিল। আউট হওয়ার আগে তিনি খেলেন ৫৩ বলে ১০৪ রানের ম্যাচজয়ী এক ইনিংস। শেষ দিকে ওয়াশিংটন সুন্দর ১৬ রান করে ফিরলেও জস বাটলার (৯*) ও রাহুল তেভাটিয়ার (১৭*) ব্যাটে ভর করে ৮ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট টাইটান্স। রাজস্থানের হয়ে নান্দ্রে বার্গার, জফরা আর্চার ও ব্রিজেশ শর্মা ১টি করে উইকেট পান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ৮ জনের মৃত্যু

পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ৮ জনের মৃত্যু

২০৩০ সালে ৪৫ বছর বয়সেও বিশ্বকাপ খেলবেন রোনালদো!

২০৩০ সালে ৪৫ বছর বয়সেও বিশ্বকাপ খেলবেন রোনালদো!

সিলেটে হামে আরো ২ শিশুর মৃত্যু

সিলেটে হামে আরো ২ শিশুর মৃত্যু

গিলের সেঞ্চুরিতে ম্লান সূর্যবংশীর তাণ্ডব, ফাইনালে গুজরাট

গিলের সেঞ্চুরিতে ম্লান সূর্যবংশীর তাণ্ডব, ফাইনালে গুজরাট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App