×

খেলা

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৯:৩৪ পিএম

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

ছবি- সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার পর যখন মূল মঞ্চে নামার ক্ষণ গুনছে আর্জেন্টিনা, ঠিক তখনই বড় এক ধাক্কা খেল তারা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন আলবিসেলেস্তেদের মাঝমাঠের অন্যতম ভরসা লিয়ান্দ্রো পারেদেস। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য ডিফেন্সিভ মিডফিল্ডারের এই চোট বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের বরাত দিয়ে আজ এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বোকা জুনিয়র্সের জার্সি গায়ে নিজের শেষ ম্যাচটিতে পারেদেসের খেলা শুরু থেকেই বেশ উদ্বেগজনক ছিল। ওয়ার্ম-আপের সময় থেকেই তাকে চোটের জায়গায় হাত দিয়ে থাকতে দেখা যায়। তবে দলের প্রয়োজনে পুরো ৯০ মিনিট তীব্র ব্যথা সহ্য করেই মাঠে ছিলেন বোকা জুনিয়র্সের এই অধিনায়ক। ম্যাচ শেষে মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ‘গ্রেড ওয়ান’ চোট রয়েছে।

আগামী শনিবার জাতীয় দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিমান ধরার ঠিক আগে পারেদেসের এই চোটের খবর আর্জেন্টিনার জন্য বড় ধাক্কা। মূল টুর্নামেন্ট শুরুর আগে যুক্তরাষ্ট্রে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা—৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে। এই দুই ম্যাচে পারেদেসের মাঠে নামা হচ্ছে না নিশ্চিত।

ম্যাচ শেষে পারেদেস বলেন, ‘পুরো সপ্তাহ জুড়েই হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছিলাম। কিন্তু ক্লাবের এই ম্যাচটি কোনোভাবেই মিস করতে চাইনি। কোচ আমাকে সত্যিটা বলতে বলেছিলেন এবং সাবধানে খেলতে বলেছিলেন, কারণ সামনে বিশ্বকাপ। তবে মাঠ ছেড়ে চলে আসার মতো পরিস্থিতি আমার ছিল না।’

বর্তমান পরিস্থিতি অনুযায়ী, আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে পারেদেস পুরোপুরি ফিট হতে পারবেন কি না—তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে-র প্রতিবেদন অনুযায়ী, চোট নিয়ে অবশ্য নিজে খুব একটা উদ্বিগ্ন নন পারেদেস। চোটটি ‘খুব বেশি গুরুতর নয়’ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে দ্রুত মাঠে ফেরার জন্য পারেদেসের আলাদা সুনাম রয়েছে।

বিশ্বকাপের কথা মাথায় রেখে এই মৌসুমে বোকার নিয়মিত অনুশীলনের পাশাপাশি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ‘লিওনেল আন্দ্রেস মেসি ট্রেইনিং সেন্টার’-এ তাকে প্রায়ই বাড়তি পরিশ্রম করতে দেখা গেছে। এর আগে গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে প্লাতেনসের বিপক্ষে ম্যাচে গোড়ালির চোটে পড়েছিলেন পারেদেস। তবে সেবার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে সুস্থ হয়ে মাঠে ফিরেছিলেন তিনি। এবারও আলবিসেলেস্তে সমর্থকেরা তাঁর দ্রুত প্রত্যাবর্তনের অপেক্ষায়।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাত্রদলের পদ হারালেন আব্দুর রহিম ভূঁইয়া

ছাত্রদলের পদ হারালেন আব্দুর রহিম ভূঁইয়া

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বাবার লাশ দেখতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মেয়ের

বাবার লাশ দেখতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মেয়ের

নেইমারকে নিয়ে সব বিতর্কের জবাব দিলেন আনচেলত্তি

নেইমারকে নিয়ে সব বিতর্কের জবাব দিলেন আনচেলত্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App