এশিয়ান গেমসের জন্য চমক রেখে পাকিস্তানের দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:৫১ পিএম
ছবি- সংগৃহীত
জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় আগামী এশিয়ান গেমসকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী পুরুষ টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসন্ন এই আসরে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটার সাহিবজাদা ফারহান।
তরুণ ও অভিজ্ঞদের দারুণ এক মিশ্রণে গড়া এই স্কোয়াডে বেশ কিছু চেনা মুখের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া একঝাঁক নতুন মুখকেও সুযোগ দিয়েছে পিসিবি।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানে বসবে এশিয়ান গেমসের এবারের আসর। তবে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট ইভেন্টটি মাঠে গড়াবে ২৪ সেপ্টেম্বর থেকে, যার জমকালো ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর। ১০টি দেশের অংশগ্রহণে হতে যাওয়া এই টুর্নামেন্টের সব কটি ম্যাচ অনুষ্ঠিত হবে আইচি প্রিফেকচারের কোরোগি অ্যাথলেটিক পার্কে।
পাকিস্তান দলের আর্মব্যান্ড পাওয়া সাহিবজাদা ফারহান আন্তর্জাতিক ক্রিকেটে বেশ অভিজ্ঞ। দেশের হয়ে এখন পর্যন্ত ৪৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ৪৬ ইনিংসে দুটি সেঞ্চুরি ও ১০টি ফিফটির সাহায্যে ১ হাজার ৩০৫ রান করা ফারহানের কাঁধেই এবার এশিয়া জয়ের মিশন সঁপেছে বোর্ড। অন্যদিকে, দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ আব্দুল সামাদ, যিনি এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
ঘোষিত এই স্কোয়াডে পাকিস্তান জাতীয় দলের চেনা মুখদের মধ্যে জায়গা ধরে রেখেছেন রহস্য স্পিনার আবরার আহমেদ, মারকুটে ওপেনার সাইম আইয়ুব, আরাফাত মিনহাজ, হাসান নাওয়াজ ও সুফিয়ান মুকিম। এর পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আকিফ জাভেদ, আলী রাজা, মাজ সাদাকাত এবং সাদ মাসুদ। স্কোয়াডের বাকি সদস্যরা হলেন—আহমেদ দানিয়াল, হায়দার আলী, মোহাম্মদ সালমান মির্জা এবং উইকেটকিপার-ব্যাটার উসমান খান।
এশিয়ান গেমসের মূল লড়াইয়ে নামার আগে ক্রিকেটারদের প্রস্তুত করতে এক বিশেষ কন্ডিশনিং ক্যাম্পের আয়োজন করেছে পিসিবি। আগামী ১৫ জুন লাহোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) শুরু হবে পাকিস্তানের এই হোয়াইট-বল ক্যাম্প। ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডের মধ্যে ১৪ জন ক্রিকেটারই এই প্রস্তুতি ক্যাম্পে অংশ নেবেন বলে নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
এদিকে মাঠের ক্রিকেটারদের পাশাপাশি টিম ম্যানেজমেন্টেও অভিজ্ঞতার ওপর জোর দিয়েছে পাকিস্তান। এশিয়ান গেমসে পাকিস্তান দলের প্রধান কোচের গুরুদায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন। তার সহকারী ও বোলিং কোচ হিসেবে থাকবেন অ্যাশলি নফকে। এ ছাড়া ফিল্ডিং কোচ হিসেবে শেন ম্যাকডারমট, ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ তাহির, ট্রেইনার ইমরান উল্লাহ এবং অ্যানালিস্ট ও টিম অপারেশনস সমন্বয়ক হিসেবে উসমান হাশমি দলের সঙ্গে জাপান সফরে যাবেন।
এশিয়ান গেমসের জন্য পাকিস্তান দল: সাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আকিফ জাভেদ, আলি রাজা, আরাফাত মিনহাস, হায়দার আলী, হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, সাদ মাসুদ, সাইম আইয়ুব, সুফিয়ান মোকিম ও উসমান খান (উইকেটকিপার)।
সাপোর্ট স্টাফ : মাইক হেসন (প্রধান কোচ), অ্যাশলি নফকে (বোলিং কোচ), শেন ম্যাকডারমট (ফিল্ডিং কোচ), মোহাম্মদ তাহির (ফিজিওথেরাপিস্ট), ইমরান উল্লাহ (ট্রেইনার) এবং উসমান হাশমি (অ্যানালিস্ট ও টিম অপারেশনস সমন্বয়ক)।
