×

খেলা

তামিমকে ছাড়িয়ে সেঞ্চুরির রেকর্ডে চূড়ায় এনামুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০২:৪০ পিএম

তামিমকে ছাড়িয়ে সেঞ্চুরির রেকর্ডে চূড়ায় এনামুল

ছবি- সংগৃহীত

অপেক্ষা ছিল লিগের প্রথম দিন থেকেই। স্রেফ একটি সেঞ্চুরির ব্যাপার। ঢাকা প্রিমিয়ার লিগে এনামুল হক তো একরকম বলে-কয়েই সেঞ্চুরি করেন! এবার উল্টো চিত্র। সেই অপেক্ষা যেন শেষ হচ্ছিল না। অবশেষে লিগের শেষ দিনে ধরা দিল সেই কাঙ্ক্ষিত মাইলফলক। নতুন উচ্চতায় পা রাখলেন ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান।

ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী দিনে সেঞ্চুরি করেছেন এনামুল। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ব্যাটসম্যান ১১৫ বলে ১৪১ রানের ইনিংস খেলেন চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের হয়ে। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার ২৫তম শতরান এটি। ছাড়িয়ে গেলেন তিনি এতদিন সঙ্গে থাকা তামিম ইকবালকে।

৩২০ ইনিংস খেলে ২৪ সেঞ্চুরি ক্যারিয়ার শেষ করেছেন তামিম। ৮৬ ইনিংস কম খেলেই তাকে টপকে গেলেন এনামুল। ৩৬৩ ইনিংসে ১৬ সেঞ্চুরিতে তিনে আছেন মুশফিকুর রহিম। ১৯০ ইনিংস খেলে ১৫ সেঞ্চুরি করে ফেলেছেন নাজমুল হোসেন শান্ত। ২০০৯ সালে জাতীয় লিগের একদিনের ম্যাচের আসর দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে পথচলা শুরু এনামুলের। তার নিজের বিভাগ খুলনা হলেও অভিভষেক হয়েছিল ঢাকা বিভাগের হয়ে। ১৭ বছর বয়সে অভিষেকে তিনি ব্যাট করতে নেমেছিলেন ৯ নম্বরে। রান করেছিলেন ২১।

পরে তিনি দুটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছেন। দলকে নেতৃত্ব দিয়েছেন। ২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান আসে তার ব্যাট থেকে। ওই বছরই তার ওয়ানডে অভিষেক হয় বাংলাদেশের হয়ে। দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। প্রথম ২০ ম্যাচেই উপহার দেন ৩টি সেঞ্চুরি।

তবে সেই ধারা পরে ধরে রাখতে পারেননি। একসময় জায়গা হারান জাতীয় দলে। কয়েক দফায় দলে আসা-যাওয়াও চলে। কিন্তু শুরুর সেই পারফরম্যান্স আর দেখাতে পারেননি। ওয়ানডে সেঞ্চুরি সংখ্যাও থমকে আছে সেই তিনেই। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি রানের জোয়ার বইয়ে দিয়েছেন। সেই পথ ধরেই এবার শতরানের রেকর্ডে শীর্ষে উঠে গেলে।

লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির বিশ্বরেকর্ডে বাংলাদেশের ব্যাটসম্যানরা অবশ্য অনেকটাই পিছিয়েই আছে। ৬০টি সেঞ্চুরি নিয়ে সবার ওপরে সাচিন টেন্ডুলকার। তবে ওয়ানডেতে তাকে ছাড়িয়ে যাওয়া ভিরাট কোহলি এখানেও একই পথে আছেন। ৫৩৮ ইনিংসে ৬০ সেঞ্চুরি করেছেন টেন্ডুলকার। ২০৪ ইনিংস কম খেলেই কোহলির সেঞ্চুরি ৫৯টি।

৬০১ ইনিংসে ৪৪ সেঞ্চুরিতে তিনে আছেন ইংলিশ গ্রেট গ্রাহাম গুচ। ৬৩০ ইনিংসে ৪০ সেঞ্চুরিতে চারে গ্রায়েম হিক, ইংলিশ ক্রিকেটে যিনি আক্ষেপের নাম। শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা পাঁচে আছেন ৫০১ ইনিংসে ৩৯ সেঞ্চুরি করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ পুলিশ আহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ পুলিশ আহত

৯ যুগ্মসচিবকে বদলি

৯ যুগ্মসচিবকে বদলি

অর্থমন্ত্রীর বাজেট ব্রিফিং শুরু

অর্থমন্ত্রীর বাজেট ব্রিফিং শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App