বিশ্বকাপ থেকে বাদ পড়ে জুয়া খেলতে গিয়েও হারলেন নেইমার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১১:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের হতাশা কাটার আগেই আরেকটি ধাক্কা খেলেন তারকা ফুটবলার নেইমার জুনিয়র। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পোকার টুর্নামেন্টে অংশ নিয়ে প্রথম দিনেই বিদায় নিতে হয়েছে তাকে।
বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন নেইমার, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বিশ্বকাপের হতাশা কাটিয়ে শনিবার (১১ জুলাই) লাস ভেগাসে অনুষ্ঠিত ২০২৬ ওয়ার্ল্ড সিরিজ অব পোকার (WSOP)-এর ১০ হাজার ডলারের মেইন ইভেন্টে অংশ নেন ব্রাজিলিয়ান তারকা। তবে প্রতিযোগিতার প্রথম দিনেই (ডে-১) ছিটকে যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে পোকার টেবিলে খেলতে দেখা যায়।
অবশ্য পেশাদার এই টুর্নামেন্টে এটি নেইমারের প্রথম অংশগ্রহণ নয়। ২০২৫ সালের ওয়ার্ল্ড সিরিজ অব পোকারে তিনি ফাইনাল টেবিল পর্যন্ত পৌঁছে নজর কাড়েন। তবে এবার সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেননি।
বিশ্বকাপে ব্যর্থতার পরপরই এই ফল আসে। গত ৫ জুলাই নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পরাজয়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন নেইমার। চোটের কারণে পুরো টুর্নামেন্টে তিনি বদলি খেলোয়াড় হিসেবে মাত্র দুটি ম্যাচে মাঠে নামেন। জাতীয় দলের হয়ে তার শেষ গোলটি আসে নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে। তবে সেই গোলও ব্রাজিলকে হার এড়াতে সাহায্য করতে পারেনি।
পোকারের প্রতি নেইমারের আগ্রহ দীর্ঘদিনের। তবে এই শখ অতীতেও তাকে সমালোচনার মুখে ফেলেছে। চলতি বছরের শুরুতে অভিযোগ ওঠে, সান্তোসের একটি ম্যাচে না খেলেও তিনি প্রায় ২৪ ঘণ্টা অনলাইন পোকার খেলায় ব্যস্ত ছিলেন। বিষয়টি ব্রাজিলের ফুটবল অঙ্গনে ব্যাপক বিতর্কের সৃষ্টি করে এবং তার পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন ওঠে।
বিশ্বকাপ থেকে বিদায় এবং এরপর পোকার টুর্নামেন্টেও প্রথম দিনেই ছিটকে পড়ায় ২০২৬ সালের গ্রীষ্মটা নেইমারের জন্য হতাশার অধ্যায় হিসেবেই ধরা দিচ্ছে।
