এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। টি-টোয়েন্টি ফরম্যাটের এই প্রতিযোগিতায় বাংলাদেশের মেয়েদের অভিযান শুরু হবে ১৭ সেপ্টেম্বর, আর ছেলেদের মাঠে নামতে হবে ২৮ সেপ্টেম্বর থেকে।
ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হবে ১৭ সেপ্টেম্বর। জাপানের নাগোয়ায় ৩ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে পালোমা মিজুহো স্টেডিয়ামে।
প্রথম দিন ছেলেদের কোনো ম্যাচ না থাকলেও মেয়েদের খেলা রয়েছে। কোয়ার্টার ফাইনালে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ চীন। একই দিনে পাকিস্তান খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। পরদিন মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও মালয়েশিয়া এবং ভারত ও জাপান।
চীনের বাধা পেরোতে পারলে ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। ওই ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ কোন দল হবে, তা সূচিতে নির্ধারণ করা হয়নি। নারী ক্রিকেটের ব্রোঞ্জ পদকের ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর।
আরো পড়ুন: শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর
এদিকে পুরুষ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল শুরু হবে ২৮ সেপ্টেম্বর। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের শীর্ষ দল। একই দিনে ‘বি’ গ্রুপের দ্বিতীয় দলের বিপক্ষে খেলবে পাকিস্তান।
পরদিন ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা লড়বে ‘এ’ গ্রুপের শীর্ষ দলের বিপক্ষে। একই দিন ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে ভারত।
পুরুষদের দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১ অক্টোবর। পরদিন ২ অক্টোবর হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ ও ফাইনাল।
এর আগে ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে পুরুষ ক্রিকেটে ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশ। একই আসরে পাকিস্তানকে হারিয়ে নারী দলও ব্রোঞ্জ পদক পেয়েছিল। এবার দুই দলই আরও বড় সাফল্য, অর্থাৎ স্বর্ণপদক জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
