×

সিলেট

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী কামার শিল্প, দুর্দিন কাটছে না কারিগরদের

Icon

বদরুল ইসলাম মহসিন, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৬:১৫ পিএম

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী কামার শিল্প, দুর্দিন কাটছে না কারিগরদের

ছবি: সংগৃহীত

প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথের বাজারগুলোতে একসময় সকাল থেকে রাত পর্যন্ত শোনা যেত হাতুড়ি আর লোহার ‘টুং-টাং’ শব্দ। লোহা আর আগুনের সখ্যতায় তৈরি হতো দা, বঁটি, কুড়ালসহ নানা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। কিন্তু কালের আবর্তে এবং আধুনিকতার ছোঁয়ায় সেই ঐতিহ্যবাহী কামার শিল্প এখন প্রায় বিলুপ্তির পথে। বংশপরম্পরায় চলে আসা এই পেশা ছেড়ে জীবন-জীবিকার তাগিদে অনেকেই এখন বেছে নিচ্ছেন অন্য পথ।

বিশ্বনাথের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, হাতেগোনা মাত্র দুই-তিনটি পরিবার এখনো তাদের পৈত্রিক এই পেশাকে আঁকড়ে ধরে বেঁচে আছেন।

কারিগররা জানান, কাঁচা লোহা, স্প্রিং এবং কাঠের কয়লার আকাশচুম্বী দামের কারণে উৎপাদন খরচ বেড়েছে বহুগুণ। অন্যদিকে, বাজারে আধুনিক বিদেশি যন্ত্রপাতির সহজলভ্যতার ফলে দেশি পণ্যের চাহিদা কমেছে। ফলে দীর্ঘ সময় বসে অলস সময় কাটাতে হচ্ছে তাদের।

দক্ষিণ মিরেরচর গ্রামের শত বছরের পুরনো কামার বাড়ির প্রবীণ কারিগর রমাকান্ত দে জানান, তাদের পরিবারে তিন ভাই ও সন্তানদের নিয়ে মোট আটজন এই পেশায় জড়িত।

তিনি বলেন, ‘পিতার মৃত্যুর পর থেকে আমরা এই ঐতিহ্য ধরে রেখেছি। কিন্তু এখন আর আগের মতো কাজ নেই। অভাবের কারণে পড়াশোনা করতে পারিনি, অন্য কাজও জানি না। তাই পেটের তাগিদে আর পৈত্রিক সম্মান রক্ষায় এই কষ্টের পেশাতেই পড়ে আছি।’

কামার পাড়ার অধীর চন্দ্রধর, কালাচান ও নিরঞ্জন দে জানান, আগে যেখানে ৬-৭টি পরিবার এই কাজ করত, এখন আছে মাত্র দুটি। সরকারি সহায়তা না পেলে অচিরেই এই সংখ্যা শূন্যে নেমে আসবে বলে তাদের আশঙ্কা।

সিলেটে সাধারণত কুরবানির ঈদ এবং অগ্রহায়ণে ধান কাটার মৌসুমে কামারদের ব্যস্ততা বাড়ে। তবে বছরের বাকি সময়টা তাদের কাটে প্রচণ্ড অর্থকষ্টে। কারিগরদের মতে, দেশীয় দা-কাস্তে এখন আর আগের মতো চলে না। ফলে অনেক পরিবারই ইতিমধ্যে শহরমুখী হয়ে অন্য পেশায় যোগ দিয়েছে।

এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, "প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আমাদের বিশেষ প্রকল্প রয়েছে। প্রকল্পের প্রথম ধাপ শেষ হলে দ্বিতীয় ধাপে কামার শিল্পীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তারা চাইলে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় সহযোগিতা গ্রহণ করতে পারবেন।"

অবহেলিত এই শিল্পকে টিকিয়ে রাখতে এবং কারিগরদের মানবেতর জীবন থেকে মুক্তি দিতে সহজ শর্তে ঋণ ও আধুনিক প্রশিক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। দেশীয় ঐতিহ্য রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে—এমনটাই প্রত্যাশা বিশ্বনাথবাসীর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App