প্রবাস ফেরত ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্যু
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৮:৪৬ পিএম
প্রতীকী ছবি
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রবাস ফেরত ছেলের কুড়ালের আঘাতে সুলতান মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের মন্ত্রীগাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তবে বিষয়টি শনিবার দুপুরে জানাজানি হলে পুলিশ লাশ উদ্ধার করে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সুলতান মিয়া পেশায় কৃষক ছিলেন। তাঁর ছয় ছেলে ও দুই মেয়েসহ মোট আট সন্তান রয়েছে। অভিযুক্ত ছেলে ফয়েজ মিয়া (২৭) সৌদি আরব প্রবাসী। তিনি গত ২৪ জুন দেশে ফেরেন। দেশে আসার পর থেকেই বসতঘর নিয়ে বাবার সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল।
শুক্রবার রাতে এ বিরোধকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফয়েজ মিয়া ঘরে থাকা একটি কুড়াল দিয়ে বাবার মাথার পেছনে আঘাত করেন। এতে সুলতান মিয়া গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাঁকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নেওয়ার পর অভিযুক্ত ফয়েজ মিয়া সেখান থেকে পালিয়ে যান। পরিবারের সদস্যরা ঘটনাটি রাতে পুলিশকে না জানিয়ে গোপন রাখেন। শনিবার দুপুরে নিহতের অন্য ছেলেরা জুড়ী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলে শাহেদ মিয়া বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ফয়েজ মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
