দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, হতাহত ২১
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:৩৬ এএম
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের বাহুবলে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।
বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ ভেঞ্চার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে সিলেট থেকে ঢাকাগামী 'ইউনিক পরিবহন'-এর একটি যাত্রীবাহী বাস ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী 'লাকি পরিবহন'-এর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। অপরদিকে লাকি পরিবহনের বাসটি মহাসড়কের ওপরই দুমড়ে-মুচড়ে যায়।
এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের বাসচালক প্রাণ হারান। এছাড়া লাকি পরিবহনের চালকসহ উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার পর মহাসড়কের ওপর দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি আড়াআড়িভাবে আটকে থাকায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। এতে রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও বাহুবল ফায়ার সার্ভিসের সদস্যরা ইউনিক পরিবহনের নিহত বাসচালকের মরদেহ উদ্ধার করেন। এরপর দুর্ঘটনাকবলিত লাকি পরিবহনের বাসটি রেকার দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘ইউনিক পরিবহন ও লাকি পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে ইউনিক পরিবহনের বাসচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত চালকের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
