গোয়াইঘাটে ‘মাদক ও মানব পাচারকে না বলুন’ শীর্ষক আলোচনা সভা
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৬:০৭ পিএম
ছবি: ভোরের কাগজ
তরুণ প্রজন্মকে মাদক ও মানব পাচারের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে গোয়াইনঘাটের সোনারহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ‘মাদক ও মানব পাচারকে না বলুন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক। তিনি তাঁর বক্তব্যে বলেন, "মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না, একটি পরিবার, একটি সমাজ এবং পুরো জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বর্তমান যুবসমাজ মাদকের নেশায় আসক্ত হয়ে পড়াশোনা, ক্যারিয়ার সবকিছু হারিয়ে ফেলছে।
একইভাবে মানব পাচার চক্র আমাদের মেয়ে ও ছেলেদের বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে বিপদে ফেলছে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে সতর্ক থাকতে হবে। অপরিচিত কারও প্রলোভনে পা দেওয়া যাবে না। আমরা পুলিশ সবসময় আপনাদের পাশে আছি। মাদক ও পাচারকারীদের তথ্য পেলে সঙ্গে সঙ্গে থানায় জানাবেন। মনে রাখবেন, মাদককে না বলুন, সুন্দর জীবন গড়ুন।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল করিম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ। এ ছাড়া বক্তব্য দেন যুক্তরাজ্যপ্রবাসী মোস্তাফিজুর রহমান কাওছার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ।
