×

সিলেট

৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৩:৩৭ পিএম

৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি

ছবি: সংগৃহীত

দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ চার দফা দাবি আদায়ে সিলেট ভ্যালির ২৩টি চা বাগানে দুই ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন চা শ্রমিকরা।

বৃহস্পতিবারও (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। এর আগে বুধবার (২৬ আগস্ট) থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে অনির্দিষ্টকালের এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা।

চা শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে—দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ২০২৩ সালে প্রণীত গেজেট বাতিল, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আয়োজন এবং ভূমি অধিকার নিশ্চিত করা।

আরও পড়ুন: মক্কা চুক্তিতে কী আছে, বাংলাদেশের আগ্রহের কারণ কী?

শ্রমিকরা জানান, প্রায় এক মাস ধরে এসব দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তারা। এরই ধারাবাহিকতায় গত ৯ আগস্ট সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। সেদিন দাবি বাস্তবায়নে প্রশাসনকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেন শ্রমিক নেতারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণে কার্যকর উদ্যোগ না নেওয়ায় বুধবার থেকে দুই ঘণ্টার কর্মবিরতিতে যান তারা। সিলেট ভ্যালির মালনীছড়া, লাক্কাতুরা, বুরজান, খাদিমসহ ২৩টি চা বাগানে একযোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।

মালনীছড়া চা বাগানের শ্রমিক ও চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায় বাড়াইক বলেন, “বর্তমানে একজন চা শ্রমিকের দৈনিক মজুরি মাত্র ১৮৭ টাকা। বর্তমান বাজারদরে এই সামান্য মজুরি দিয়ে একটি পরিবারের দু’বেলা খাবারের ব্যবস্থা করাও কঠিন। তাই দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি আদায়ে আমরা আন্দোলনে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

বুরজান চা বাগানের শ্রমিক সাইদুল রহমান সোহেল বলেন, দীর্ঘদিন ধরে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন না হওয়ায় অনেক বাগানে ভারপ্রাপ্ত কমিটি দিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে শ্রমিকদের অধিকার আদায়ের কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই দ্রুত চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।

লাক্কাতুরা চা বাগানের শ্রমিক রঘু দাস বলেন, “এখন আমরা প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করছি। দাবি আদায় না হলে পর্যায়ক্রমে টানা কর্মবিরতির মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।”

এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, চা শ্রমিকদের দেওয়া স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তাদের দাবিগুলোর মধ্যে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচন আয়োজনের প্রক্রিয়া চলছে। এ জন্য অর্থ মন্ত্রণালয় ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শিগগিরই নির্বাচন আয়োজন করবে।

এদিকে, গত ১৪ আগস্ট চা শ্রমিকদের দাবি নিয়ে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন চা শ্রমিক ইউনিয়নের শীর্ষ নেতারা। এ সময় শ্রমিকদের অধিকার, ভূমি ও জীবনমান উন্নয়নসংক্রান্ত আট দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি মন্ত্রীর কাছে তুলে দেন তারা।

সাক্ষাৎকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, চা বাগানগুলোর বাস্তবতা সরেজমিনে পর্যালোচনার জন্য শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হবে। ওই দলের প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শ্রমিক নেতারা বলছেন, দীর্ঘদিনের বঞ্চনা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে বর্তমান মজুরিতে তাদের পক্ষে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে কর্মসূচি আরও কঠোর করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিচ্ছেদের পর রণবীরের ট্যাটু মুছতে কত টাকা খরচ করেন দীপিকা?

বিচ্ছেদের পর রণবীরের ট্যাটু মুছতে কত টাকা খরচ করেন দীপিকা?

নিজ বাড়িতে মডেল খুন, সন্দেহের কেন্দ্রে জিম ট্রেইনার

নিজ বাড়িতে মডেল খুন, সন্দেহের কেন্দ্রে জিম ট্রেইনার

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় দুই কিশোর নিহত

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় দুই কিশোর নিহত

নেপালে বন্যার তাণ্ডব, নিহত বেড়ে ২৮৯

নেপালে বন্যার তাণ্ডব, নিহত বেড়ে ২৮৯

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App