×

সিলেট

উন্নয়নের নামে তামাশা

সড়কের মাঝে ৯০ গাছ রেখেই ঢালাই

Icon

নজরুল ইসলাম, সিলেট

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৮:৫৫ পিএম

সড়কের মাঝে ৯০ গাছ রেখেই ঢালাই

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের হাদারপার-দমদমা সড়কে উন্নয়নকাজে দেখা দিয়েছে অদ্ভুত পরিস্থিতি। সড়কের মাঝখানে থাকা ৯০টি বিভিন্ন প্রজাতির গাছ অপসারণ না করেই এগিয়ে নেওয়া হয়েছে আরসিসি ঢালাইয়ের কাজ।

এতে কোথাও গাছের গোড়া ঘেঁষে, আবার কোথাও গাছকে পাশ কাটিয়ে ঢালাই করা হয়েছে। ফলে সড়কের স্বাভাবিক প্রস্থ ও আকৃতি ব্যাহত হয়েছে। পাশাপাশি কাজের মেয়াদ শেষ হয়ে গেলেও পুরো সড়কের উন্নয়নকাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয়দের অভিযোগ, সড়কের উন্নয়নকাজের শুরুতেই এসব গাছ অপসারণের জন্য তালিকা করা হলেও দীর্ঘদিনেও গাছগুলো অপসারণ করা হয়নি। ফলে একদিকে যেমন সড়কের উন্নয়নকাজ বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে গাছ রেখেই ঢালাই করায় ভবিষ্যতে সড়কের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

আরও পড়ুন: মক্কা চুক্তিতে কী আছে, বাংলাদেশের আগ্রহের কারণ কী?

উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, হাদারপার-ভাটরাই-ভোলাগঞ্জ জিসি সড়কের হাদারপার-দমদমা অংশে প্রায় সাড়ে ৬ কিলোমিটার সড়কে আরসিসি ঢালাই এবং সাতটি কালভার্ট নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার টাকা। কাজটি চুক্তিমূল্যে পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কামরুল অ্যান্ড ব্রাদার্স।

ছবি: সংগৃহীত

চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ১৬ ডিসেম্বর কাজ শুরু হয়। কাজ শেষ করার নির্ধারিত সময় ছিল ২০২৬ সালের ২৮ জুন। তবে বগাইয়া থেকে দমদমা পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে থাকা তালিকাভুক্ত ৯০টি গাছ অপসারণ না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো পুরো কাজ শেষ করতে পারেনি।

সরেজমিনে বগাইয়া থেকে দমদমা পর্যন্ত সড়ক ঘুরে দেখা যায়, বিভিন্ন স্থানে সড়কের মাঝ বরাবর সারি সারি গাছ দাঁড়িয়ে রয়েছে। এসব গাছের গোড়া ঘেঁষে সিসি ও আরসিসি ঢালাই করা হয়েছে। কোথাও গাছকে পাশ কাটিয়ে ঢালাই দেওয়ায় সড়কের স্বাভাবিক প্রস্থ ও আকৃতি নষ্ট হয়েছে। আবার কোনো কোনো স্থানে গাছের শিকড় কেটে সড়কের আরসিসি গার্ডওয়াল নির্মাণ করা হয়েছে। এতে যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হওয়ার পাশাপাশি স্থানীয়দের যাতায়াতেও ভোগান্তি সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় আড়াই বছর আগে সড়কটির উন্নয়নকাজ শুরু হয়। কাজ শুরুর সময়ই উন্নয়নকাজের স্বার্থে সড়কের মধ্যে থাকা গাছগুলো কাটার জন্য বন বিভাগ তালিকা তৈরি করে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গাছগুলো অপসারণ করা হয়নি। ফলে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে চলমান উন্নয়নকাজ কাঙ্ক্ষিতভাবে সম্পন্ন হচ্ছে না।

তাদের অভিযোগ, সড়কের মাঝখানে গাছ রেখে ঢালাই করায় ভবিষ্যতে গাছের শিকড়ের কারণে সড়কে ফাটল ও ভাঙন দেখা দিতে পারে। এতে অল্প সময়ের মধ্যেই সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত গাছগুলো অপসারণ করে অসম্পূর্ণ অংশ যথাযথভাবে নির্মাণের দাবি জানান তারা।

ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার জুবায়ের আহমদ বলেন, “সড়কের কাজ শুরুর পর থেকেই এলজিইডি কর্তৃপক্ষকে উন্নয়নকাজে বাধা দেওয়া গাছগুলো কেটে অপসারণের ব্যবস্থা নিতে বলে আসছি। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এসব গাছের কারণে আমাদেরও অনেক ক্ষতি ও অতিরিক্ত ব্যয় হয়েছে। বাধ্য হয়েই বিভিন্ন স্থানে গাছের অংশ বাদ রেখে উন্নয়নকাজ করতে হয়েছে। গাছগুলো কাটা হলে বাকি অংশের ঢালাইয়ের কাজ সম্পন্ন করে দেওয়া হবে।”

গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী (এলজিইডি) হাসিব আহামেদ বলেন, “হাদারপার-দমদমা সড়কের উন্নয়নকাজে বাধা দেওয়া গাছগুলোর বিষয়ে কাজের শুরুতেই বন বিভাগকে অবহিত করা হয়েছে। সারী রেঞ্জ কর্মকর্তা প্রায় এক মাস আগে জানিয়েছিলেন, গাছগুলো টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়েছে। তবে এখন পর্যন্ত গাছ কাটা হয়নি। এ কারণে সড়কের উন্নয়নকাজও আটকে আছে। এরপর গাছের বিষয়ে সারী রেঞ্জ কর্মকর্তাকে ফোন করা হলেও তিনি আর ফোন রিসিভ করছেন না।”

বন বিভাগের সারী রেঞ্জ কর্মকর্তা শাহ আলম ইসলাম বলেন, “সড়কের উন্নয়নকাজে বাধা দেওয়া বিভিন্ন প্রজাতির ৯০টি গাছের তালিকা করে টেন্ডারের মাধ্যমে টাঙ্গাইলের একজন মহলদারকে দেওয়া হয়েছে। ওই মহলদার আগামী সপ্তাহের মধ্যে গাছ কাটা শুরু করবেন।”

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, “সড়কের উন্নয়নকাজে বাধা দেওয়া গাছগুলো অপসারণের জন্য বন বিভাগ কর্তৃপক্ষকে বলা হয়েছে। তারা দ্রুত গাছগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রেনের ছাদে নাচতে গিয়ে কিশোরের মৃত্যু, আহত ১

ট্রেনের ছাদে নাচতে গিয়ে কিশোরের মৃত্যু, আহত ১

যুবলীগ নেতা পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুবলীগ নেতা পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সড়কের মাঝে ৯০ গাছ রেখেই ঢালাই

উন্নয়নের নামে তামাশা সড়কের মাঝে ৯০ গাছ রেখেই ঢালাই

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App