ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পিএম
ছবি: সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির একটি ওয়াচ টাওয়ার থেকে জামিল হাসান শিষ (২৫) নামে এক সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার সীমান্তবর্তী মিনাটিলা বিওপির ওয়াচ টাওয়ার থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
নিহত জামিল হাসান শিষ সিপাহী নম্বর-১১৪১০১। তিনি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিনগর ইউনিয়নের ইশানঘাটি গ্রামের শেখ ফজলুর রহমানের ছেলে। গত ২২ আগস্ট থেকে তিনি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীন জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: মব অনেকাংশেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ সূত্র জানায়, সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর ৬টার মধ্যে যেকোনো সময় মিনাটিলা বিওপির ওয়াচ টাওয়ারে জামিল হাসান গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিষয়টি জানাজানি হলে সকাল ৭টার দিকে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম ঘটনাস্থলে যান। এ সময় ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিমও বিওপি ক্যাম্পে উপস্থিত ছিলেন।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও বিজিবি কর্তৃপক্ষের উপস্থিতিতে পুলিশ ওয়াচ টাওয়ার থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এদিকে, বিজিবি সদস্য জামিল হাসান শিষের মৃত্যুর ঘটনায় তার সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
