ধানের গোলার ভেতর ১২শ বোতল ফেন্সিডিল, ধরা খেলো নারী
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম
ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পাতনী গ্রামে একটি ধানের গোলা থেকে ১ হাজার ২০৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় কুটিনা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে রুস্তমপুর কলেজসংলগ্ন পাতনী এলাকায় কুটিনা বেগমের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তিনি ওই গ্রামের তেরা মিয়ার স্ত্রী।
গোয়াইনঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, পাতনী এলাকায় মাদকের একটি চালান মজুত থাকার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের নির্দেশনায় এসআই হামিদের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালানোর একপর্যায়ে ঘরের কোণে থাকা একটি ধানের গোলায় তল্লাশি করা হয়। সেখানে তৈরি করা একটি গোপন স্থান থেকে বস্তায় রাখা ফেন্সিডিলের বোতল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা ফেন্সিডিলের পরিমাণ ১ হাজার ২০৫ বোতল এবং এর আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ১০ হাজার টাকা। এ ঘটনায় কুটিনা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়াইনঘাট থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ০৮ এবং তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬। মামলার পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং অভিযান আরও জোরদার করা হবে।
তবে উদ্ধার করা মাদকের সঙ্গে গ্রেপ্তার ব্যক্তির সংশ্লিষ্টতা এবং মামলার অভিযোগের বিষয়গুলো আদালতে প্রমাণিত হওয়ার বিষয়। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
