সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৬ পিএম
ছবি: সংগৃহীত
সিলেট নগরীর খাদিমপাড়ায় একটি নির্মাণাধীন ভবন থেকে ইরফান আলী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মাথা ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ভবনে কর্মরত ১৩ জন শ্রমিককে আটক করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে খাদিমপাড়ার ৪ নম্বর রোডের নুর প্যালেস নামের নির্মাণাধীন ভবনের চতুর্থ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইরফান আলী সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দা। তিনি প্রায় আড়াই বছর ধরে ওই ভবনে নাইট গার্ড হিসেবে কাজ করছিলেন।
স্থানীয় লোকজন ভবনের চতুর্থ তলায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে শাহপরাণ (রহ.) থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি হাতুড়ি ও একটি রড উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভবনে কর্মরত ১৩ জন শ্রমিককে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।
বৃদ্ধের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা জানতে তদন্ত করছে পুলিশ।
