এক মাসের সংসার, বাসের ধাক্কায় প্রাণ গেল ফরহাদের
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পিএম
ছবি: সংগৃহীত
সিলেটের জকিগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরহাদ আহমদ (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) সকাল ৮টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম বাসস্টেশনের মরইরতল এলাকার পশ্চিম পাশে একটি সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
মাত্র এক মাস আগে বিয়ে করা ফরহাদের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত ফরহাদ আহমদ জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের বারগাত্তা গ্রামের আব্দুস সুবহানের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুস সালাম জানান, জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাসের সঙ্গে ফরহাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এসআই আব্দুল্লাহ আল মোমেন জানান, দুর্ঘটনায় ফরহাদের মুখমণ্ডল বেশি ক্ষতবিক্ষত হয়েছে। তাঁর মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
