রাহুলের মৃত্যু, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৯:১০ এএম
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে থানায় অভিযোগ দায়ের করেছে শিল্পী ফোরাম। রিজেন্ট পার্ক থানায় প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়। রাহুলের মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানানো হয়েছে। শিল্পী ফোরামের মতে, তাঁর অকালমৃত্যুর দায় প্রযোজনা সংস্থাকেই নিতে হবে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে অভিযোগ জানাতে কলকাতার রিজেন্ট পার্ক থানায় উপস্থিত হন রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। এ সময় তার সঙ্গে ছিলেন টালিউডের একাধিক শিল্পী। তাঁদের মধ্যে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিৎ চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, সৌরভ দাস, জিশু সেনগুপ্ত প্রমুখ। মানসিকভাবে ভেঙে পড়া প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়েই সবাই থানায় প্রবেশ করেন। তাঁর উপস্থিতি এবং সম্ভাব্য অভিযোগ ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে।
আরো পড়ুন : রাহুলের মৃত্যুতে প্রযোজনা সংস্থাকে ব্ল্যাকলিস্ট ও ১ কোটি ক্ষতিপূরণের দাবি
অভিযোগ জানানোর পর শান্তিলাল মুখোপাধ্যায় জানান, ইতোমধ্যেই অভিযোগ জমা দেওয়া হয়েছে এবং শিগগিরই সেটি অনলাইনে আপলোড করা হবে। নথিপত্র প্রস্তুতে সময় লাগায় প্রক্রিয়াটি কিছুটা বিলম্বিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পুলিশের পক্ষ থেকে কোনো গড়িমসি হয়নি বলেও জানান। তালসারি থানায় আলাদা করে অভিযোগ দায়ের করা হবে কি না, তা এখনো চূড়ান্ত হয়নি। আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
থানা থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে এলেও প্রিয়াঙ্কা সরকার কোনো মন্তব্য করেননি। শিল্পী ফোরামের পক্ষ থেকে একটি অভিযোগই দায়ের করা হয়েছে। তবে শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কা আলাদাভাবে তালসারি থানায় অভিযোগ করতে পারেন। প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে এবং এ দায় তাদেরই নিতে হবে বলে দাবি করেছে শিল্পী ফোরাম।
এর আগে ১ এপ্রিল শিল্পী ফোরাম লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থাকে আইনি নোটিশ পাঠায়। কিন্তু প্রাপ্ত জবাব সন্তোষজনক না হওয়ায় শেষ পর্যন্ত থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে, রাহুলের মৃত্যুর বিচার দাবিতে রাস্তায় নেমেছেন শিল্পী ও কলাকুশলীরা। মিছিলে অংশ নিয়েছেন অপর্ণা সেন, অঞ্জন দত্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, জুন মালিয়া, ঋত্বিক চক্রবর্তী, অরিন্দম শীল, পিয়া সেনগুপ্ত, ঋষি কৌশিকসহ অনেকে। রাহুলের সাদা-কালো ছবি হাতে নিয়ে তাঁরা রাস্তায় নামেন।
ঘটনাটি কীভাবে ঘটল, কেন রাহুলকে বাঁচানো গেল না, মাত্র ২০ মিনিট দূরের হাসপাতালে পৌঁছাতে এক ঘণ্টা কেন লাগল, এবং কেন এত পরস্পরবিরোধী বক্তব্য শোনা যাচ্ছে—এই প্রশ্নগুলো এখনো উত্তরহীন। মৃত্যুর পাঁচ দিন পরেও রহস্য ঘনীভূতই রয়েছে।
