জন্মদিনে টোটা রায়চৌধুরীকে নিয়ে ইন্দ্রাণীর স্মৃতিচারণ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১১:৩৩ এএম
ছবি : সংগৃহীত
অভিনেতা টোটা রায়চৌধুরীর জন্মদিন উপলক্ষে দীর্ঘদিনের সহশিল্পী ইন্দ্রাণী হালদার তাঁর সঙ্গে কাজের নানা স্মৃতি ভাগ করে নিয়েছেন। আনন্দবাজার অনলাইনে প্রকাশিত এক লেখায় তিনি বলেন, টোটা বরাবরই অভিনয়ের প্রতি নিবেদিতপ্রাণ ছিলেন এবং পারিবারিক স্বর্ণের ব্যবসার বদলে সৃজনশীল জগতকেই নিজের পথ হিসেবে বেছে নিয়েছিলেন।
ইন্দ্রাণী জানান, ১৯৯৩ সালে পরিচালক প্রভাত রায়ের ‘দুরন্ত প্রেম’ ছবির মাধ্যমে টোটার সঙ্গে তাঁর প্রথম পরিচয়। সেটিই ছিল টোটার প্রথম চলচ্চিত্র। এরপর টেলিফিল্ম ও ধারাবাহিকেও একসঙ্গে কাজ করেছেন তারা। তাঁর ভাষায়, তিন দশক পেরিয়ে গেলেও টোটার ব্যক্তিত্ব ও প্রাণশক্তিতে তেমন কোনো পরিবর্তন আসেনি।
অভিনেত্রীর মতে, টোটা রায়চৌধুরী অত্যন্ত সৎ, স্পষ্টভাষী ও নিষ্ঠাবান একজন শিল্পী। যেকোনো চরিত্রের জন্য তিনি সবসময় প্রস্তুত থাকেন। শুটিং সেটে হাতে চিত্রনাট্য পেলেই মনোযোগ দিয়ে সংলাপ মুখস্থ করতেন। ব্যক্তিগত জীবনকে প্রচারের বাইরে রাখতেও তিনি বরাবরই স্বাচ্ছন্দ্যবোধ করেন।
ইন্দ্রাণী বলেন, তাঁদের সবচেয়ে দীর্ঘ সময় একসঙ্গে কাজ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’তে। সেই সময়ের একটি মজার ঘটনার কথাও তুলে ধরেন তিনি। ধারাবাহিকের শেষ দিকের শুটিংয়ে বিষণ্ন পরিবেশ কাটাতে ‘পরম সুন্দরী’ গান চালিয়ে টোটাকে নিয়ে হঠাৎ নাচ শুরু করেছিলেন তিনি। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
শরীরচর্চার প্রতিও টোটার আগ্রহের কথা উল্লেখ করে ইন্দ্রাণী জানান, কোমরের ব্যথায় ভুগলে টোটার পরামর্শ দেওয়া কিছু ব্যায়াম করে তিনি উপকার পেয়েছিলেন।
লেখার শেষাংশে ইন্দ্রাণী হালদার দাবি করেন, টলিউড দীর্ঘদিন টোটা রায়চৌধুরীর প্রতিভার যথাযথ মূল্যায়ন করেনি। তাঁর মতে, বলিউডই টোটাকে প্রকৃত সম্মান ও কাজের সুযোগ দিয়েছে। যদিও পরবর্তীকালে টলিউডেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন।
জন্মদিনে টোটা রায়চৌধুরীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অভিনয়জীবনের আরো সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন ইন্দ্রাণী হালদার।
