বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:৪০ পিএম
ছবি: সংগৃহীত
টালিউড অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায় তাদের বিবাহবার্ষিকীতে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নতুন সুখবর। সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ করে জানিয়েছেন, তাদের পরিবারে নতুন অতিথি আসছে।
কয়েকদিন ধরেই সোহিনীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এ বিষয়ে এতদিন কোনো মন্তব্য করেননি এই তারকা দম্পতি। অবশেষে বিবাহবার্ষিকীর দিনই তারা আনুষ্ঠানিকভাবে সুখবরটি প্রকাশ করেন।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে সাদা মাতৃত্বকালীন পোশাকে দেখা যায় সোহিনী সরকারকে। পাশে আসমানি রঙের কুর্তা পরিহিত শোভন গঙ্গোপাধ্যায় সোহিনীর বেবি বাম্পে আলতো করে হাত রেখে দাঁড়িয়ে আছেন। খোলা চুলে লাল ফুল আর দুজনের হাস্যোজ্জ্বল মুখ ছবিগুলোকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

ছবির ক্যাপশনে তারা লিখেছেন, ‘আমরা দুই থেকে তিনের পথে…’। পোস্টটি প্রকাশের পরপরই অভিনন্দনের বন্যায় ভেসে যায় মন্তব্যের ঘর। টালিউডের সহকর্মী, তারকা এবং অসংখ্য ভক্ত-অনুরাগী শুভকামনা জানিয়েছেন এই দম্পতিকে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। বিয়ের পর থেকেই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তারা।
