অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবার মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১০:৫২ এএম
ছবি : সংগৃহীত
অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হঠাৎ করেই রোগ ধরা পড়ায় শোকাহত অভিনেতার পরিবার।
পরিবারের সদস্যদের ভাষ্য, বিপ্লবাঙ্কুর রায়চৌধুরীর শরীরে তেমন কোনো উপসর্গ ছিল না। ফলে তিনি যে ক্যান্সারে আক্রান্ত, তা কেউই বুঝতে পারেননি। খুব অল্প সময়ের মধ্যেই পরিস্থিতির অবনতি ঘটে।
জানা গেছে, মৃত্যুর আগে মাত্র তিন দিন তীব্র শারীরিক যন্ত্রণায় ভুগেছেন তিনি। প্রথমে হঠাৎ পিঠে ব্যথা শুরু হয়। পরিবারের সবাই বিষয়টিকে বয়সজনিত সমস্যা বলে মনে করেছিলেন। কিন্তু ব্যথা ক্রমশ বাড়তে থাকায় তিনি সামনের দিকে ঝুঁকে যেতে শুরু করেন। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আরো পড়ুন : ‘এক দিন না এক দিন তোমাদের বিচ্ছেদ হবে’
পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি ফুসফুসের ক্যান্সারের চতুর্থ (ফোর্থ) স্টেজে আক্রান্ত। তবে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে না-ফেরার দেশে পাড়ি জমান বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী।
উল্লেখ্য, টোটা রায়চৌধুরীর জন্মদিন ছিল ৯ জুলাই। তার পরদিনই ১০ জুলাই তাঁর বাবার মৃত্যু হয়। বিশেষ সেই দিনেও অভিনেতা হাসপাতালে গিয়ে বাবার সঙ্গে দেখা করেছিলেন। সে সময় তিনি কথা বলতে না পারলেও, ছেলের উপস্থিতি অনুভব করেছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
