বিস্ফোরক তথ্য ফাঁস করলেন অভিনেত্রী, তোলপাড় মিডিয়া
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১১:১৯ এএম
ছবি : সংগৃহীত
জনপ্রিয়তা যেমন পরিচিতি বাড়ায়, তেমনি কখনো কখনো তা ব্যক্তিজীবনে অস্বস্তিকর পরিস্থিতিও তৈরি করে। এমনই এক তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন ‘মির্জাপুর’খ্যাত বাঙালি অভিনেত্রী অনংশা বিশ্বাস। সিরিজটির প্রথম মৌসুমে ‘জারিনা’ চরিত্রে অভিনয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম, ই-মেইল ও ফোনে একের পর এক কুরুচিপূর্ণ প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছেন তিনি।
‘মির্জাপুর’-এর প্রথম মৌসুমে শরীরী আবেদন ও ক্ষমতার আকাঙ্ক্ষায় জড়িয়ে থাকা ধূসর চরিত্র জারিনার ভূমিকায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন কলকাতার অভিনেত্রী অনংশা। চরিত্রটি জনপ্রিয়তা পেলেও এর প্রভাব পড়ে তার ব্যক্তিজীবনেও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনংশা জানান, প্রথম মৌসুম মুক্তির পর তার জীবন অনেকটাই বদলে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমের ইনবক্স থেকে শুরু করে ই-মেইল ও ফোনে নিয়মিত আসতে থাকে কুরুচিপূর্ণ বার্তা।
অভিনেত্রীর ভাষ্য, প্রথম মৌসুমের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। কারণ তখন এসব অভিজ্ঞতা তার জন্য একেবারেই নতুন ছিল। বিভিন্ন মাধ্যমে আসা অশালীন বার্তা দেখে তিনি অস্বস্তিতে পড়তেন।

এসব ঘটনায় নিজের কাজ নিয়ে প্রশ্ন না থাকলেও অন্যদের আচরণে হতাশ হয়েছিলেন অনংশা। তার প্রশ্ন ছিল, নিজের কাজ সততা ও নিষ্ঠার সঙ্গে করার পরও কেন তাকে এ ধরনের মন্তব্য ও প্রস্তাবের মুখোমুখি হতে হবে।
অনংশা জানান, কিছু মানুষ তার অভিনীত চরিত্র এবং বাস্তব জীবনকে এক করে ফেলেছিলেন। এ কারণে তাকে সরাসরি অনৈতিক ও ব্যক্তিগত সম্পর্কের বিনিময়ে অর্থ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়।

অভিনেত্রীর দাবি, তাকে এক রাতের জন্য অর্থের বিনিময়ে সম্পর্কের প্রস্তাব দেওয়া হতো। এমনকি বিদেশে কয়েক দিনের জন্য যাওয়ার প্রস্তাবও পেয়েছেন তিনি।
অনংশার মতে, একজন অভিনেতা পর্দায় যে চরিত্রে অভিনয় করেন, বাস্তব জীবনে তিনি সেই চরিত্র নন। দর্শকদের এ বিষয়টি বোঝা প্রয়োজন। পর্দার চরিত্রকে কেন্দ্র করে একজন শিল্পীর ব্যক্তিজীবন নিয়ে অশালীন আচরণ করা উচিত নয় বলেও মনে করেন তিনি।

‘মির্জাপুর’-এর ‘জারিনা’ চরিত্রকে নিজের অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে দেখেন অনংশা। চরিত্রটি তাকে ব্যাপক পরিচিতি এনে দিলেও এর জনপ্রিয়তার কারণে বাস্তব জীবনে হয়রানির মুখে পড়ার অভিজ্ঞতা ছিল তার জন্য অত্যন্ত কষ্টের।
এদিকে বড় পর্দায় আসছে ‘মির্জাপুর: দ্য মুভি’। সিনেমাটিতেও জারিনা চরিত্রে দেখা যাবে অনংশাকে। সিনেমাটি মুক্তির আগে নিজের সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।
১৯৯০ সালে কলকাতায় জন্ম নেওয়া অনংশার স্কুল-কলেজের পড়াশোনাও সেখানেই। অভিনয়ের প্রতি আগ্রহ থেকেই পরে মুম্বাই পাড়ি জমান তিনি।
