মিমির বিয়ের জল্পনায় মজেছে টালিপাড়া
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:৩৬ এএম
ছবি : সংগৃহীত
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। দুর্গাপূজার আমেজ কাটতে না কাটতেই টালিপাড়ায় গুঞ্জন ছড়িয়েছে, আগামী নভেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী। তবে বিয়ের তারিখ, পাত্র কিংবা অনুষ্ঠানস্থল—কোনো বিষয়েই এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, মিমির বিয়ে নিয়ে টালিউডে কানাঘুষো চলছে। যদিও এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে নভেম্বরেই তাঁর বিয়ে হচ্ছে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
প্রতিবারের মতো এবারও দুর্গাপূজার নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মিমি। নবমীর রাতে পূজামণ্ডপে ধুনুচি নাচে অংশ নেন তিনি। গাঢ় গোলাপি বেনারসি ও নীল ব্লাউজে সাবেকি সাজে অভিনেত্রীকে দেখা যায়। ঢাকের তালে তাঁর ধুনুচি নাচ নজর কাড়ে ভক্তদের। পাশাপাশি বন্ধুদের সঙ্গে আড্ডা ও আনন্দে মেতে ওঠেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুদের সঙ্গে নাচের একটি ভিডিও শেয়ার করেন মিমি। ভিডিওটির সঙ্গে দেওয়া তাঁর ক্যাপশন ‘শুভ হোক সবটা’ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ক্যাপশনটি কি শুধুই পূজার শুভেচ্ছা, নাকি জীবনের বিশেষ কোনো অধ্যায়ের ইঙ্গিত—এমন প্রশ্ন তুলছেন অনেকে। তবে এই বার্তার সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত নয়।
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নিজের মতো থাকতে পছন্দ করেন মিমি চক্রবর্তী। তাই বিয়ের গুঞ্জন সত্যি কি না, তা জানতে অভিনেত্রীর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষাই করতে হবে। নভেম্বরকে ঘিরে আলোচনা বাড়লেও এখন পর্যন্ত তাঁর বিয়ের খবর নিশ্চিত হয়নি।
