×

তথ্যপ্রযুক্তি

চাঁদাবিডি ডটকম চালুর দিনই শীর্ষ অবস্থানে ঢাকা, জমা পড়ল যত অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১১:৩৯ এএম

চাঁদাবিডি ডটকম চালুর দিনই শীর্ষ অবস্থানে ঢাকা, জমা পড়ল যত অভিযোগ

ছবি : সংগৃহীত

চাঁদাবাজি, অবৈধ অর্থ দাবি এবং বিভিন্ন সেবা বা কাজের ক্ষেত্রে আর্থিক হয়রানির অভিযোগ নথিবদ্ধ করতে দেশে চালু হয়েছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘চাঁদাবিডি ডটকম’ (chandabd.com)। চালুর কয়েক ঘণ্টার মধ্যেই প্ল্যাটফর্মটির পাবলিক লেজারে নয়টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে মোট ৯ লাখ ৬০ হাজার ৭০০ টাকা চাওয়া বা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে প্ল্যাটফর্মটি চালুর তথ্য জানানো হয়।

উদ্যোক্তাদের তথ্য অনুযায়ী, প্রথম দিনেই সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ঢাকা বিভাগ থেকে। এর মধ্যে টঙ্গী পৌরসভা কার্যালয়ে ট্রেড লাইসেন্স নবায়নের জন্য নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ৫০০ টাকা চাওয়ার অভিযোগ রয়েছে। রিপোর্টে ঘটনাটিকে ‘জোরপূর্বক অর্থ আদায়’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নির্মাণকাজ ঘিরে চাঁদা দাবির অভিযোগ

রাজধানীর মিরপুরের ৬০ ফুট এলাকায় একটি নির্মাণাধীন ভবনের কাজকে কেন্দ্র করে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগও জমা পড়েছে। অভিযোগে একজন রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে অর্থ দাবি করার কথা বলা হলেও, ওই নেতার সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

পূর্ব শেওড়াপাড়ায় সড়ক উন্নয়নকাজের সময় কয়েকটি ভবনের পানি ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করার পর তা পুনরায় সংযোগ দেওয়ার কথা বলে ১০ হাজার টাকা করে দাবি করার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

এ ছাড়া রাজধানীর পল্টন এলাকায় ময়লার বিলের নামে প্রতি মাসে ২০০ টাকা করে নেওয়ার অভিযোগও প্রকাশ করা হয়েছে। এতে সিটি করপোরেশনের রসিদ ব্যবহারের কথা উল্লেখ রয়েছে।

পরিচয় গোপন রেখে অভিযোগ জানানোর সুযোগ

সংশ্লিষ্টরা জানান, বিদেশের বিভিন্ন নাগরিক-রিপোর্টিং প্ল্যাটফর্মের ধারণা এবং ঘুষের অভিযোগ নথিবদ্ধ করার প্ল্যাটফর্ম ‘ঘুষ ডট সাইট’-এর অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে ‘চাঁদাবিডি ডটকম’ তৈরি করা হয়েছে।

প্ল্যাটফর্মটিতে নাগরিকরা নাম-পরিচয় প্রকাশ না করেই চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন, নির্মাণকাজ বা ব্যবসাকে কেন্দ্র করে অবৈধ অর্থ দাবির মতো ঘটনার তথ্য জানাতে পারবেন।

অভিযোগ জমা দেওয়ার সময় ঘটনার এলাকা, সময়, সংশ্লিষ্ট খাত বা ঘটনার ধরন, দাবিকৃত অর্থের পরিমাণ এবং ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

অভিযোগ মানেই প্রমাণিত অপরাধ নয়

উদ্যোক্তারা জানিয়েছেন, ওয়েবসাইটে জমা পড়া কোনো তথ্যকে আদালতগ্রাহ্য প্রমাণ, তদন্তের ফলাফল কিংবা যাচাইকৃত অপরাধ হিসেবে বিবেচনা করা যাবে না। এটি মূলত নাগরিকদের অভিজ্ঞতা নথিবদ্ধ করার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম।

তাদের মতে, এসব তথ্যের মাধ্যমে কোন এলাকায় বা কোন খাতে চাঁদাবাজি ও অবৈধ অর্থ দাবির অভিযোগ বেশি আসছে, সে বিষয়ে একটি প্রাথমিক চিত্র পাওয়া যেতে পারে।

ভুল তথ্য, ব্যক্তিগত আক্রমণ এবং কারও ব্যক্তিগত ঠিকানা, ফোন নম্বর বা অপ্রাসঙ্গিক পরিচয় প্রকাশ ঠেকাতে অভিযোগ প্রকাশের আগে মডারেশনের আওতায় নেওয়া হবে। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলেও সেটিকে প্রমাণিত তথ্য হিসেবে উপস্থাপন করা হবে না।

চাঁদাবিডি কর্তৃপক্ষ বলছে, কাউকে অপমান বা অপরাধী হিসেবে চিহ্নিত করা তাদের উদ্দেশ্য নয়। নাগরিকদের অভিজ্ঞতা দায়িত্বশীলভাবে নথিবদ্ধ করা, জনসচেতনতা বাড়ানো এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে সমস্যার ধরন তুলে ধরাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রংপুর পুলিশ কমিশনারের বদলি, যা বললো সদরদপ্তর

রংপুর পুলিশ কমিশনারের বদলি, যা বললো সদরদপ্তর

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগী গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগী গ্রেপ্তার

যে কারণে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করল সিপিডি

যে কারণে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করল সিপিডি

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App