ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম
ছবি: সংগৃহীত
আগামী ২৯ অক্টোবর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) তিন দিনব্যাপী এ মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এতে অংশ নেবে ২০টিরও বেশি দেশ।
সোমবার রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিটিটিএফ ২০২৬-এর বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন আয়োজকেরা। এতে সভাপতিত্ব করেন টোয়াবের সভাপতি মোহাম্মদ হানিফ।
বাংলাদেশের পর্যটন শিল্পের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এবারের মেলার টাইটেল স্পনসর ইউএস-বাংলা এয়ারলাইন্স। পর্যটন খাতের বিকাশ, নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাই মেলার মূল লক্ষ্য।
আরও পড়ুন: বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি
আয়োজকেরা জানান, এবারের মেলায় ২০০টির বেশি বুথ ও স্টল থাকবে। এতে ২২০টির বেশি এক্সিবিটর, ২৫০ জনের বেশি কোয়ালিফায়েড বায়ার এবং ২ হাজার ৫০০-এর বেশি ট্রেড ভিজিটর অংশ নেবেন। মেলায় ৬০ হাজারের বেশি দর্শনার্থী সমাগম হবে বলে আশা করছেন তারা।
চারটি থিমভিত্তিক প্রদর্শনী হলে এয়ারলাইন্স, হোটেল, ট্যুর অপারেটরসহ পর্যটন খাতের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো নিজেদের সেবা, পণ্য ও বিভিন্ন পর্যটন গন্তব্য তুলে ধরার পাশাপাশি সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবে।
এবারের মেলায় নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ ও ফিলিপাইনের অংশগ্রহণ ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। পাশাপাশি তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজানসহ আরও বিভিন্ন দেশের পর্যটন প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সি অংশ নেবে বলে জানিয়েছে আয়োজকেরা।
আয়োজকদের মতে, আন্তর্জাতিক পর্যটন অংশীদারদের অংশগ্রহণের ফলে বিভিন্ন দেশের পর্যটন গন্তব্যের প্রচার বাড়ার পাশাপাশি ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারিত হবে। একই সঙ্গে বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যটন বাজারের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে।
মেলায় সার্বিক সহযোগিতা করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
এ ছাড়া প্লাটিনাম হসপিটালিটি পার্টনার হিসেবে রয়েছে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট। পিআর পার্টনার ওপাস কমিউনিকেশনস লিমিটেড, টেকনোলজি পার্টনার এম৩৬০ আইসিটি এবং ট্রান্সপোর্ট পার্টনার কনভয় সার্ভিস।
আয়োজকেরা বলছেন, ১৩ বারের বেশি সফল আয়োজনের মধ্য দিয়ে বিটিটিএফ দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন বাজার হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। ক্রেতা ও বিক্রেতাদের একই প্ল্যাটফর্মে নিয়ে এসে নতুন ব্যবসায়িক সুযোগ তৈরির পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যটন সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ মেলা।
তাঁদের প্রত্যাশা, বিটিটিএফ ২০২৬-এর মাধ্যমে বাংলাদেশের পর্যটন গন্তব্যগুলোর আন্তর্জাতিক প্রচার আরও বাড়বে, নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি হবে এবং বৈশ্বিক পর্যটন বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।
