আবেদন নথিভুক্ত
২ জানুয়ারিতেই চিন্ময়ের জামিন শুনানি
চট্টগ্রাম অফিস
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি ধার্য দিনের আগে এগিয়ে আনতে দ্বিতীয় দফায় আবেদন করা হয়েছে। ঢাকা থেকে আসা সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষের আবেদনটি নথিভুক্ত করার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার অবকাশকালীন চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলাম এ আদেশ দেন। তবে চট্টগ্রাম বারের কোনো আইনজীবীর ওকালতনামা জমা দিতে না পারায় চিন্ময় দাসের জামিন শুনানি পূর্ব নির্ধারিত ২ জানুয়ারিই অনুষ্ঠিত হবে।
চিন্ময়ের পক্ষে আগাম শুনানির জন্য উচ্চ আদালত থেকে ওকালতনামা স্বাক্ষর করে নিয়ে এসেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। কিন্তু চট্টগ্রাম বারের আইনজীবীর ওকালতনামা দিয়েই মামলায় লড়তে হবে- এমনটাই জানিয়েছেন আদালত। পরপর তিনবার এজলাস বসলেও স্থানীয় বারের কোনো আইনজীবী ওকালতনামা দেননি। ফলে, রবীন্দ্র ঘোষের আবেদন নথিভুক্ত করা হলেও চিন্ময় দাসের জামিন শুনানি পূর্ব নির্ধারিত ২ জানুয়ারিই অনুষ্ঠিত হবে।
আদালত সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে আদালতে সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ আবেদন জমা দেন। আদালত আবেদন গ্রহণ করে দুপুরের পর শুনানির জন্য সময় ধার্য করেন। দুপুরে আদালতে শুনানি কার্যক্রমের শুরুতে ওকালতনামা দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। এ সময় যাচাইয়ের জন্য মামলা লড়তে ওকালতনামা জমা দেয়া চট্টগ্রামের আইনজীবী সুমীত আচার্য্যকে উপস্থিত করতে আদালত সময় বেঁধে দেন। কিন্তু ওই আইনজীবী উপস্থিত না হওয়ায় আদালত শুনানির আবেদন নথিভুক্ত করে ২ জানুয়ারি দিন নির্ধারণ করেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের নাজির নেছার আহমেদ বলেন, ‘তিনি (রবীন্দ্র ঘোষ) উচ্চ আদালতের ওকালতনামা নিয়ে এসেছিলেন। আগাম জামিন শুনানির জন্য করা আবেদন আদালত গ্রহণ করে দুপুরের পর শুনানির জন্য রাখেন। কিন্তু শুনানিতে স্থানীয় বারের আইনজীবীর ওকালতনামা দিতে বলেছিলেন আদালত। স্থানীয় বারের একজন আইনজীবী আদালতে উপস্থিত হয়েছিলেন। কিন্তু তিনবার কোর্ট বসলেও ওকালতনামা দেয়নি কেউ।’
এর আগে বুধবার (১১ ডিসেম্বর) চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিন শুনানিসহ তিনটি আবেদন করেছিলেন রবীন্দ্র ঘোষ। আদালত সেসব আবেদন খারিজ করে দেন। বুধবার করা আবেদন তিনটি হলো, যে মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলায় তার পক্ষে আইনজীবী হিসেবে শুনানি করার অনুমতি প্রদান, ২৬ নভেম্বর করা মিস মামলার নথি উপস্থাপনের জন্য এবং চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির নির্ধারিত দিন এগিয়ে আনার বিষয়ে।
প্রসঙ্গত, চিন্ময়ের জামিন নামঞ্জুর হওয়াকে ঘিরে গত ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
