তান্ত্রিক থেকে সিম্পসনের ভবিষ্যদ্বাণী!
বিশ্বকাপ জিতবে কোন দল?
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
পুরো বিশ্ব কাঁপছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায়। সেই উন্মাদনায় পরিসমাপ্তি ঘটতে চলেছে আজ রবিবার রাতেই। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মূল ধারার গণমাধ্যম- সবেতেই উঠে এসেছে খেলা নিয়ে চুলচেরা বিশ্লেষণের পাশাপাশি ভক্ত ও অনুরাগীদের আবেগের কথাও। খেলা শুরু থেকেই কারোর মুখে ছিল মেসি, কারোর নেইমার, কেউ বা রোনালদো অথবা এমবাপ্পের নাম। কিন্তু সময় যত গড়িয়েছে ধীরে ধীরে ছিটকে পড়েছে অনেক দল ও প্রিয় তারকা। নানান বাধা-বিপত্তি পেরিয়ে মেসির আর্জেন্টিনা ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেনের। সেই দলে খেলছেন লামিন ইয়ামাল। বাঘাবাঘা দল ও খেলোয়াড়দের সঙ্গে খেলে ইতোমধ্যেই দর্শক মহলে শক্তপোক্ত স্থান করে নিয়েছেন। খেলাপ্রেমীরা প্রিয় দল ও খেলোয়াড়দের দুর্দান্ত একটি খেলা দেখার অপেক্ষায়। এদিকে ২০২৬ সালে বিশ্বকাপ কার হাতে উঠছে, কে করবেন বাজিমাত- তা নিয়ে যেমন চলছে পরিসংখ্যান ও বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ, তেমনি আধ্যাত্মিক সাধক, এমনকি চিড়িয়াখানার প্রাণীদের ‘ভবিষ্যদ্বাণী’ও আলোচনায় উঠে এসেছে। যদিও এসব পূর্বাভাসের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবু প্রতিটি বিশ্বকাপের মতো এবারো তা সমর্থকদের কৌতূহল বাড়িয়েছে।
২০১০-এ প্রথম চোখে পড়েছিল অক্টোপাস পলের ভবিষ্যদ্বাণী, তারপর থেকে আরো যত সময় এগিয়েছে, সেই প্রবণতা দেখতে পাওয়া গিয়েছে। ২০১৮-এ এক বিড়াল ভবিষ্যদ্বাণী করেছিল, তারপরে ২০২২-এ শাহিন নামে একটি উট ভবিষ্যদ্বাণী করেছিল। কী হতে পারে এবার? এবার বিশ্বকাপের জন্য বেশ কয়েকটি এআই ও সুপার কম্পিউটার কম্বিনেশনে তৈরি হয়েছে বেশ কিছু আগাম তথ্য জানানোর মাধ্যম। বিশ্বকাপজুড়ে বিভিন্ন ধরনের পূর্বাভাসের অনেকগুলোই শেষ পর্যন্ত ভুল প্রমাণিত হয়েছে। ঘানার তান্ত্রিক, জার্মানির এক অর্থনীতিবিদ কিংবা জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘দ্য সিম্পসনস’ অনেকের পূর্বাভাসই বাস্তবের সঙ্গে মেলেনি। তবু ফাইনালকে ঘিরে ভবিষ্যদ্বাণীর ধারাবাহিকতা থেমে নেই।
সর্বশেষ সেই আলোচনায় যুক্ত হয়েছে পেরুর এক দল আধ্যাত্মিক শামন। তাদের দাবি, স্পেন কঠিন প্রতিদ্ব›িদ্বতা গড়ে তুললেও শেষ পর্যন্ত শিরোপা ধরে রাখবে আর্জেন্টিনা। শামনদের বিশ্বাস, লিওনেল মেসির নেতৃত্বে দলটি চতুর্থবারের মতো বিশ্বকাপ জিতে জার্সিতে আরো একটি তারকা যোগ করবে।
পেরুর শামন হুয়ান দে দিয়োস গার্সিয়া বলেন, আধ্যাত্মিক শক্তির মাধ্যমে তারা এমন ইঙ্গিত পেয়েছেন যে, এবারও আর্জেন্টিনাই বিজয়ী হবে। তার ভাষ্য, স্পেনের বিপক্ষে ফাইনাল সহজ হবে না, তবে শেষ পর্যন্ত সব শক্তি আর্জেন্টিনার পক্ষেই থাকবে এবং তারাই ট্রফি উঁচিয়ে ধরবে।
এদিকে ব্রাজিলেও ফাইনাল উপলক্ষে ব্যতিক্রমী এক আয়োজন হয়েছে। রিও ডি জেনেইরোর বায়ো পার্কে থাকা ‘পটি’ নামের একটি জাগুয়ারের সামনে আর্জেন্টিনা ও স্পেনের পতাকা সংবলিত দুটি আলাদা বক্স রাখা হয়। কিছুক্ষণ ঘ্রাণ নেয়া ও পর্যবেক্ষণের পর প্রাণীটি আর্জেন্টিনার পতাকাবাহী বক্সটি বেছে নেয়। পার্ক কর্তৃপক্ষের ভাষ্য, প্রতীকী এই নির্বাচনের মাধ্যমে জাগুয়ারটি আর্জেন্টিনাকেই সম্ভাব্য বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে ‘নির্বাচন’ করেছে।
তবে থাইল্যান্ডের একটি চিড়িয়াখানার আয়োজন ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। দেশটির খন কায়েন চিড়িয়াখানায় ‘বয়’ নামের একটি সিংহকে দিয়ে বিশ্বকাপের সম্ভাব্য ফল অনুমানের আয়োজন করা হয়। চিড়িয়াখানার পরিচালক থিপাওয়াদি কিত্তিখুনের তত্ত্বাবধানে আর্জেন্টিনা ও স্পেনের জাতীয় পতাকার নিচে সিংহটির প্রিয় খাবার শূকরের মাংস ঝুলিয়ে রাখা হয়। এরপর প্রাণীটিকে স্বাধীনভাবে খাবার বেছে নেয়ার সুযোগ দেয়া হয়।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, প্রতিটি ম্যাচের জন্য একই প্রক্রিয়া ৩ বার অনুসরণ করা হয়। ৩ বারের মধ্যে কোনো একটি দলের পতাকার নিচের খাবার যদি ২ বার বেছে নেয় সিংহটি, সেটিকেই তার প্রতীকী পূর্বাভাস হিসেবে ধরা হয়। এই পদ্ধতিতে ২ বার স্পেনের পতাকার নিচের খাবার নির্বাচন করে ‘বয়’। তাই চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, তাদের এই প্রতীকী পূর্বাভাস অনুযায়ী ২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে স্পেন।
এছাড়া বিশিষ্ট সংখ্যাতত্ত্ববিদ গ্রিনস্টোন লোবো ২০১৮-র ফ্রান্সের সাফল্য, ২০২২-এর বিশ্বকাপে মেসি ট্রাম্পকার্ড হতে পারেন সেটিও মিলিয়েছিলেন। বেশ কয়েকটি এআই ক্লাউড, চ্যাট জিপিটি, কোপাইলট, মেটা এআই মেসির সাফল্যের কথা জানিয়েছে। অন্যদিকে সুপার কম্পিউটরের বাজি স্পেন, লা রোজার বেশি সম্ভাবনা আছে বিশ্বকাপ জয়ের। আবারো নিজেদের সিমুলেশনের ফল প্রকাশ করেছে ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস। এর আগে ইএ স্পোর্টস-এর বিশ্বকাপ ভবিষ্যদ্বাণী চারটি বিশ্বকাপেই হুবহু মিলে গেছে। বিশ্বকাপে তাদের পূর্বাভাস বলছে, এবারের শিরোপা জিততে যাচ্ছে স্পেন। অর্থাৎ টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যেতে পারে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার।
বিশ্বকাপ নিয়ে প্রতিষ্ঠানটির পূর্বাভাসকে গুরুত্ব দেয়ার পেছনে রয়েছে শক্তিশালী একটি ইতিহাস। ২০১০ সালে তারা স্পেনকে, ২০১৪ সালে জার্মানিকে, ২০১৮ সালে ফ্রান্সকে এবং ২০২২ সালে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে আগেই পূর্বাভাস দিয়েছিল। পরে ৪টি আসরেই সেই ভবিষ্যদ্বাণী বাস্তবে রূপ নেয়। যদিও ২০০৬ সালের বিশ্বকাপে ভুল হয়েছিল ইএ স্পোর্টসের পূর্বাভাস। সেবার তারা চেক প্রজাতন্ত্রকে সম্ভাব্য চ্যাম্পিয়ন বললেও দলটি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।
আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর এক ব্যক্তি নিজেকে টাইম ট্রাভেলার বলে দাবি করে জানান, ফাইনালে আর্জেন্টিনা নাকি স্পেনকে ৩-২ গোলে হারাবে। শুধু তাই নয়, এটা নাকি তিনি আগেই জানিয়েছিলেন। তার দাবি মিলবে কিনা, তা জানা যাবে রবিবার রাতে।
তবে আপাতত অধিকাংশ ফুটবল প্রেমী মেসি প্রেমে বুঁদ হয়ে আছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় থেকেই আর্জেন্টিনার হয়ে স্বপ্নে বুক বাঁধছেন। তবে স্বপ্নপূরণ কার হবে, সেই শেষ কথা বলবে সময়।
