মঈনকে সম্মানসূচক ডক্টরেট প্রদান
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মঈন আলী
ইংল্যান্ডের হয়ে ক্রিকেটে অসামান্য অবদান রাখায় মঈন আলীকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে ইংল্যান্ডের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়। গত সোমবার কভেন্ট্রি ক্যাথেড্রালে এক অনুষ্ঠানে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। ইংল্যান্ডের হয়ে লম্বা সময় তিন ফরম্যাটে খেলেছেন তিনি, দলের অধিনায়কত্বও করেছেন। এছাড়া থ্রি লায়ন্সদের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করারও কৃতিত্ব রয়েছে তার।
মঈন আলীর জন্ম ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলের বার্মিংহামে। ১৯৯২ সালে পাবলিক ইউনিভার্সিটির মর্যাদা পাওয়া কভেন্ট্রি বিশ্ববিদ্যায়েরও অবস্থান ওয়েস্ট মিডল্যান্ডসে। ৩৭ বছর বয়সি এই অলরাউন্ডারকে ডক্টরেট ডিগ্রি দেয়ার কারণ ব্যাখ্যায় বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, ‘ক্রিকেট খেলায় অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আমরা মঈন আলীকে সম্মানসূচক ডক্টরেট অব আর্টসে ভূষিত করেছি। তাকে এই সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত।’ ইংল্যান্ডের হয়ে দুটি বিশ্বকাপ যথা- ২০১৯ ওয়ানডে ও ২০২২ টি-টোয়েন্টি জিতেছেন মঈন আলী। ২০১৫ সালে জিতেছেন অ্যাশেজও। ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন ১৩ ম্যাচে। তিন সংস্করণ মিলিয়ে খেলেছেন ২৯৮ ম্যাচ। করেছেন ৬৬৭৮ রান, নিয়েছেন ৩৬৬ উইকেট। গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন মঈন। খেলে যাচ্ছেন ঘরোয়া ও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট। কাউন্টি ক্রিকেটে নিজ অঞ্চলের প্রতিদ্ব›দ্বী দুই ক্লাব ওয়ারউইকশায়ার ও উস্টারশায়ারে খেলার অভিজ্ঞতা আছে তার।
ডক্টরেট ডিগ্রি পাওয়ার পর মঈন বলেছেন, ‘কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় আমাকে এই চমকপ্রদ সম্মানে ভূষিত করায় আমি রোমাঞ্চিত। এর অংশ হতে পারা এবং শিক্ষার্থীদের সঙ্গে দিনটি ভাগ করে নেয়া দারুণ ব্যাপার। আমি সব সময় আমার সাধ্যমতো সেরাটা দেয়ার চেষ্টা করেছি। এখন আমি আর ইংল্যান্ডের হয়ে খেলি না। তবে এখনো মানুষ আমার কাছে এসে বলে ‘তুমি খেলেছ বা তুমি যেভাবে খেলেছ, সেটা দেখেই আমি খেলি বা আমার সন্তানরা খেলে।’ এই কথাগুলোই আমার কাছে খেলাধুলায় সত্যিকারের সাফল্য।’ ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভাল টেস্টে হ্যাটট্রিক করে ইংল্যান্ডকে জেতান মঈন আলী।
সেটিকে তিনি ক্যারিয়ারের সেরা ব্যক্তিগত মুহূর্ত বলেছেন। সর্বশেষ গত অক্টোবর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলের ফাইনালে খেলেছেন মঈন আলী। তার পরবর্তী অভিযান বাংলাদেশেই। এবারের বিপিএলে তিনি চিটাগং কিংসের হয়ে খেলবেন। উল্লেখ্য মঈন আলীর সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে বাংলাদেশের। কেননা তার স্ত্রী বাংলাদেশের সিলেট জেলার মেয়ে ফিরোজা হাসান। বর্তমানে অবশ্য মঈনের সঙ্গে ইংল্যান্ডেই বসবাস করেন তিনি। এদিকে গত আসরে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মঈন। তবে তাকে মেগা নিলামের আগে ছেড়ে দিয়েছে তারা। আগামী ২৪ ও ২৫ তারিখের নিলামে নাম উঠতে চলেছে তারও।
