ভিসা আবেদনকারীদের সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকেই ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। একই সঙ্গে অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা প্রক্রিয়া আরো জটিল হতে পারে এবং অনুমোদনের সম্ভাবনাও কমে যেতে পারে বলে সতর্ক করেছে তারা।
রোববার (১৯ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, ভিসা আবেদনকারীদের জন্য সবচেয়ে উপযুক্ত হলো নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে সাক্ষাৎকারের সময় নেওয়া। অন্য কোনো দেশ থেকে আবেদন করলে আবেদন প্রক্রিয়া জটিল হওয়ার পাশাপাশি ভিসা অনুমোদনের সম্ভাবনাও কমে যেতে পারে। এছাড়া এ ধরনের আবেদনের ক্ষেত্রে জমা দেওয়া ভিসা ফি কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয় বলেও উল্লেখ করা হয়েছে।
আরো পড়ুন : শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন
এর আগে ঢাকাস্থ মার্কিন দূতাবাস সব ধরনের অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য নতুন দুই ধাপের সাক্ষাৎকার পদ্ধতি চালুর ঘোষণা দেয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, ডিএস-১৬০ ভিসা আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম (ইউজারনেম) বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।
দূতাবাস আরো জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম–সংক্রান্ত তথ্য গোপন করা, অসম্পূর্ণ তথ্য দেওয়া বা ভুল তথ্য প্রদান করলে ভিসা আবেদন বাতিল হতে পারে। শুধু তাই নয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও আবেদনকারীকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হতে পারে।
