যে ভুলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৯:০৪ এএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসার শর্ত মেনে চলার বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। পড়াশোনা বন্ধ করা, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে সরে গেলে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।
গত শনিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ সতর্কতা জানায় মার্কিন দূতাবাস।
বার্তায় বলা হয়, কোনো শিক্ষার্থী পড়াশোনা বন্ধ করে দিলে, নিয়মিত ক্লাসে উপস্থিত না থাকলে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানকে অবহিত না করে নিজের শিক্ষা কার্যক্রম থেকে সরে দাঁড়ালে তার স্টুডেন্ট ভিসা বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে।
এ ধরনের ভিসা-শর্ত লঙ্ঘনের কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন সংশ্লিষ্ট শিক্ষার্থী।
মার্কিন দূতাবাস শিক্ষার্থীদের সম্ভাব্য জটিলতা এড়াতে ভিসার সব শর্ত যথাযথভাবে অনুসরণ করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে বৈধ শিক্ষার্থী হিসেবে নিজেদের অবস্থান বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
