ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:১৯ এএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন কমে ৩১ শতাংশে নেমে এসেছে। নতুন এক জনমত জরিপে দেখা গেছে, তাঁর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে সন্তুষ্ট নন ৬৯ শতাংশ মার্কিন নাগরিক। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে জনসমর্থনের এই চিত্র রিপাবলিকানদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে।
সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত রয়টার্স/ইপসোসের জরিপে এ তথ্য উঠে এসেছে। চার দিন ধরে পরিচালিত এই জরিপ অনুযায়ী, দুই সপ্তাহ আগের তুলনায় ট্রাম্পের প্রতি সমর্থন ১ শতাংশীয় পয়েন্ট কমেছে। তাঁর দুই মেয়াদের মধ্যে এটিই সর্বনিম্ন সমর্থন বলে জরিপে উল্লেখ করা হয়েছে।
জরিপে অংশগ্রহণকারীদের প্রশ্ন করা হয়, আজ কংগ্রেস নির্বাচন হলে তাঁরা কোন দলকে ভোট দেবেন। জবাবে নিবন্ধিত ভোটারদের ৪৭ শতাংশ ডেমোক্র্যাটদের এবং ৩৫ শতাংশ রিপাবলিকানদের সমর্থন জানিয়েছেন। অর্থাৎ, এ ক্ষেত্রে ডেমোক্র্যাটরা ১২ শতাংশীয় পয়েন্টে এগিয়ে রয়েছেন।
দুই সপ্তাহ আগে একই জরিপে ডেমোক্র্যাটদের সমর্থন ছিল ৪৪ শতাংশ এবং রিপাবলিকানদের ৩৭ শতাংশ। সে সময় দুই দলের মধ্যে ব্যবধান ছিল ৭ শতাংশীয় পয়েন্ট। নতুন জরিপে সেই ব্যবধান আরও বেড়েছে।
জরিপের ফল ডেমোক্র্যাটদের প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ার প্রত্যাশাকে জোরালো করতে পারে। কংগ্রেসের যেকোনো একটি কক্ষের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদের শেষ দুই বছরে তাঁর রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন কঠিন হয়ে পড়তে পারে।
নারী ভোটারদের সমর্থনে পিছিয়ে রিপাবলিকানরা
জরিপ অনুযায়ী, রিপাবলিকানদের প্রতি সমর্থন কমার ক্ষেত্রে নারী ভোটারদের অবস্থান গুরুত্বপূর্ণ। নারী ভোটারদের ৫০ শতাংশ ডেমোক্র্যাটদের সমর্থন জানিয়েছেন। বিপরীতে রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩২ শতাংশ। পুরুষ ভোটারদের মধ্যেও ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছেন, যদিও দুই দলের মধ্যে ব্যবধান তুলনামূলক কম।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে যৌথ হামলার পর থেকে ট্রাম্পের জনপ্রিয়তায় ভাটা পড়তে শুরু করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে, যার চাপ পড়েছে সাধারণ মানুষের পারিবারিক বাজেটে।
অর্থনীতি নিয়েও বাড়ছে অসন্তোষ
অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের ভূমিকা নিয়েও অসন্তোষের চিত্র উঠে এসেছে জরিপে। এতে অংশ নেওয়া ৬৮ শতাংশ মার্কিন নাগরিক অর্থনীতি পরিচালনায় তাঁর ভূমিকার প্রতি অসন্তুষ্টি জানিয়েছেন। তাঁদের মধ্যে ৩৭ শতাংশ রিপাবলিকান সমর্থকও রয়েছেন।
অর্থনীতি পরিচালনায় কোন দল বেশি দক্ষ—এমন প্রশ্নে ৪০ শতাংশ ভোটার ডেমোক্র্যাটদের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে, রিপাবলিকানদের সমর্থন জানিয়েছেন ৩৩ শতাংশ ভোটার।
অনলাইনে পরিচালিত এই জরিপে মোট ১ হাজার ৬৭৯ জন মার্কিন প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাঁদের মধ্যে নিবন্ধিত ভোটার ছিলেন ১ হাজার ২৭৯ জন।
সূত্র: রয়টার্স
