বঙ্গোপসাগরে আবার নিম্নচাপের আশঙ্কা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ পিএম
রাজধানীতে প্রচণ্ড গরমের পর স্বস্তির বৃষ্টি হয়। ছবি : সংগৃহীত
বঙ্গোপসাগরে আগামী দু’দিনের মধ্যে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর।
তারা বলছে— পশ্চিম-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ রয়েছে। আগামী কয়েক ঘণ্টায় তা উত্তর-পশ্চিম দিকে সরবে। উত্তর-পশ্চিম এবং সংলগ্ন মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ওই লঘুচাপ থেকে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে ২৩ সেপ্টেম্বরের মধ্যে। তবে নিম্নচাপ অঞ্চলের প্রভাব কোথায় পড়বে তা এখনো স্পষ্ট নয়।
এদিকে গত কয়েকদিনের ভ্যাপসা গরম আজ কিছুটা কমেছে ঢাকাতে। সকাল থেকে ঢাকার আকাশ ছিল মেঘলা। ১১টার পর বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে প্রচণ্ড গরমের পর স্বস্তির বৃষ্টি হয়। সকাল থেকে আকাশ ছিল মেঘাচ্ছন্ন, বেলা গড়ার সঙ্গে সঙ্গে কালো মেঘে ছেয়ে যায় রাজধানীর আকাশ। সন্ধ্যার মধ্যে দেশের ছয় অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলে সংস্থাটি।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
