×

আবহাওয়া

বন্যা নিয়ে ৯ জেলায় আগাম সতর্কবার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৮:৩৬ পিএম

বন্যা নিয়ে ৯ জেলায় আগাম সতর্কবার্তা

ছবি : সংগৃহীত

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সুরমা নদীর পানি কমতে শুরু করায় সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আগামী ১৯ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে দেশের নয়টি জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত বুলেটিনে জানানো হয়, কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার এবং সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের এক কর্মকর্তা জানান, বর্তমানে যে দুটি পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে রয়েছে, সেখানেও পানি ধীরে ধীরে নেমে আসবে। ভারতের উজান থেকে নতুন করে পানির ঢল না থাকা এবং বৃষ্টিপাত কমে যাওয়ায় সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হলেও এর প্রভাবে আগামী তিন দিনে ওই দুই জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা নদীর পানি কিছুটা বেড়েছে, তবে সুরমা নদীর পানি কমেছে। আগামী তিন দিনও সুরমার পানি কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীর পানি বেড়েছে। আগামী পাঁচ দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে, তবে নদীগুলো বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

একই সময়ে সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনু, ধলাই, খোয়াই ও সারিগোয়াইন নদীর পানি বৃদ্ধি পেয়েছে, যা আগামী তিন দিনে কমতে পারে। অন্যদিকে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কমেছে এবং এ প্রবণতাও আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে।

এদিকে বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় কীর্তনখোলা, লোয়ার মেঘনা, পশুর, ইছামতি ও অন্যান্য নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং স্বাভাবিক জোয়ার বিরাজ করছে। তবে আগামী তিন দিনে এসব নদীতে স্বাভাবিকের তুলনায় বেশি জোয়ার হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (পুর) সরদার উদয় রায়হান জানান, চলতি সপ্তাহের দ্বিতীয়ার্ধে (১৯-২৩ জুলাই) তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

তিনি আরো জানান, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি বাড়লেও নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। পাশাপাশি ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ার কিছু এলাকায় সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এবং বিভিন্ন বৈশ্বিক আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং আগামী দুই দিনে এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

আগামী ১৬ থেকে ২৩ জুলাই অথবা এর আশপাশের সময়ে বাংলাদেশের রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল ও হিমালয়-পাদদেশীয় পশ্চিমবঙ্গ অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি এবং অনেক স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সোহেল তাজের স্ট্যাটাস ঘিরে তোলপাড়

শেখ হাসিনা পরিবারের টাকা পাচার সোহেল তাজের স্ট্যাটাস ঘিরে তোলপাড়

শিবালয়ে বিপুল চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস

শিবালয়ে বিপুল চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা কমছে না

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা কমছে না

আর্জেন্টিনা এবার চতুর্থ শিরোপা জিততে পারবে না: ক্যাসিয়াস

আর্জেন্টিনা এবার চতুর্থ শিরোপা জিততে পারবে না: ক্যাসিয়াস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App