বৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে নতুন বার্তা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১১:১২ পিএম
ছবি : সংগৃহীত
দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতের মধ্যে দেশের ১৪ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, বৃহস্পতিবার রাত ১টা পর্যন্ত রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। একই সঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবেই আগামী কয়েক দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে।
শুক্রবার (১৭ জুলাই): রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার (১৮ জুলাই): রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
রোববার ও সোমবার (১৯-২০ জুলাই): দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার (২১ জুলাই): রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে। এছাড়া বান্দরবানে ২৭ মিলিমিটার, শ্রীমঙ্গলে ২৪ মিলিমিটার, রামগতিতে ১৭ মিলিমিটার, চট্টগ্রামে ১৩ মিলিমিটার, খুলনায় ১২ মিলিমিটার, চট্টগ্রামের আমবাগানে ১১ মিলিমিটার, কক্সবাজারে ১০ মিলিমিটার এবং ভোলায় ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
