×

আবহাওয়া

তিস্তা-ধরলার পানি বৃদ্ধি, রংপুর অঞ্চলে বন্যার শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১১:২৫ পিএম

তিস্তা-ধরলার পানি বৃদ্ধি, রংপুর অঞ্চলে বন্যার শঙ্কা

ছবি : সংগৃহত

উজানের ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির স্তর বাড়ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কয়েকটি স্থানে এসব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পস্থায়ী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিডব্লিউডিবি)।

সোমবার (২০ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিচু এলাকা এবং প্লাবনভূমিতে আকস্মিক ও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। তবে তৃতীয় দিনে নদীগুলোর পানির স্তর স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানিও বাড়ছে। আগামী পাঁচ দিন এই দুই নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু এলাকায় নদীগুলোর পানি সতর্কীকরণ স্তরের কাছাকাছি পৌঁছাতে পারে। এতে সংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা বা প্লাবনের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুরসহ দেশের চারটি বিভাগ এবং ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। উজানে অতিবৃষ্টির কারণে নদীগুলোর পানির প্রবাহ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভারতের উইলিয়ামনগরে ৩৭১ মিলিমিটার, আরকেএম সোহরায় ২৮২ মিলিমিটার, চেরাপুঞ্জিতে ২৭৯ মিলিমিটার এবং গুয়াহাটিতে ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে বাংলাদেশের পঞ্চগড়ে ৯১ মিলিমিটার, রংপুরে ৬১ মিলিমিটার, ডালিয়ায় ৫৫ মিলিমিটার, পাটেশ্বরীতে ৫০ মিলিমিটার এবং চিলমারীতে ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

বিডব্লিউডিবির রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আহসান হাবিব জানান, উজান ও ভাটিতে মৌসুমি বৃষ্টিপাত বাড়ায় নদীগুলোর প্রায় সব পর্যবেক্ষণ পয়েন্টে পানির স্তর বৃদ্ধি পেয়েছে। তবে আপাতত ব্রহ্মপুত্র অববাহিকায় বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সোমবার বিকেল ৩টার তথ্য অনুযায়ী, তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৯ সেন্টিমিটার নিচে, কাউনিয়ায় ৩৩ সেন্টিমিটার নিচে এবং গাইবান্ধার তারাপুর ও হরিপুর পয়েন্টে যথাক্রমে ৮ ও ২৭ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছিল।

এ ছাড়া দুধকুমার নদী পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচে, ধরলা নদী কুড়িগ্রামে ৬২ সেন্টিমিটার নিচে এবং ব্রহ্মপুত্র ও যমুনা নদীর বিভিন্ন পয়েন্টেও পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন বরিশালের আর্জেন্টাইন সমর্থকরা

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন বরিশালের আর্জেন্টাইন সমর্থকরা

আমেরিকার বাজারে যাবে ওষুধ, দাম কী হবে?

আমেরিকার বাজারে যাবে ওষুধ, দাম কী হবে?

মেসি আমার আদর্শ, তাকে হারতে দেখতে ভালো লাগে না: কুবার্সি

মেসি আমার আদর্শ, তাকে হারতে দেখতে ভালো লাগে না: কুবার্সি

পাহাড়ে দুটি অচল বিদ্যালয় পুনরায় চালু করল সেনাবাহিনী

পাহাড়ে দুটি অচল বিদ্যালয় পুনরায় চালু করল সেনাবাহিনী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App