ফের ভারি বৃষ্টির আভাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৫:৪০ পিএম
ছবি : সংগৃহীত
মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগেই আগামী অন্তত ১০ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক পূর্বাভাস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্যাঞ্চল, ছত্তিশগড় ও আশপাশের এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে বর্তমানে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এখন বিদর্ভ ও সংলগ্ন দক্ষিণ মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে এবং ধীরে ধীরে আরও পশ্চিম দিকে সরে গিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।
এদিকে, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এর অবস্থাও মাঝারি পর্যায়ে রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
শনিবার (১ আগস্ট) রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিও হতে পারে। এদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
রোববার (২ আগস্ট) রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
সোমবার (৩ আগস্ট) ও মঙ্গলবার (৪ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময়ও দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। ৪ আগস্ট দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন নাও হতে পারে।
এ ছাড়া, পরবর্তী বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসেও বৃষ্টি ও বজ্রবৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
