২৪ ঘণ্টায় প্লাবিত হতে পারে ৩ জেলার নিম্নাঞ্চল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৫:১৭ পিএম
ছবি : সংগৃহীত
দেশের কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের মধ্যে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এসব এলাকার কয়েকটি নদীর পানি সতর্কসীমার কাছাকাছি বা ওপরে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিন দেশের অভ্যন্তরে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং তৎসংলগ্ন উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর আরও একদিন দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, সেলোনিয়া, ফেনী ও গোমতী নদীর পানি আগামী একদিন দ্রুত বাড়তে পারে। পরবর্তী দুই দিন এসব নদীর পানি মোটামুটি স্থিতিশীল থাকতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার কিছু এলাকায় হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবন দেখা দিতে পারে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা
এদিকে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি কমেছে। আগামী দুই দিন এসব নদ-নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। তবে পরবর্তী তিন দিনে পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও এ সময়ে পানি বিপৎসীমার নিচে অবস্থান করতে পারে।
উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী একদিন পানি স্থিতিশীল থাকার পর পরবর্তী দুই দিনে তা বাড়তে পারে।
অন্যদিকে, আগামী তিন দিন দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
