রাতে একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ, যেভাবে জানবেন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পিএম
ছবি: ভোরের কাগজ গ্রাফিক্স
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চায়ন ও মাইগ্রেশন কার্যক্রমের আবেদন শেষ হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় এ ধাপের আবেদন গ্রহণ বন্ধ হয়। এরপর শিক্ষার্থীদের জন্য চূড়ান্তভাবে নির্ধারিত কলেজের ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় মাইগ্রেশনসহ চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে নিজেদের ফলাফল দেখতে পারবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান শনিবার সকালে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রকাশিত ফলে প্রত্যেক শিক্ষার্থী শেষ পর্যন্ত কোন কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছে, তা জানা যাবে।
তিনি আরও জানান, ২০ সেপ্টেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। ২০ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের নির্বাচিত কলেজে সরাসরি উপস্থিত হয়ে নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ভর্তি সম্পন্ন করতে হবে।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে একাদশ শ্রেণির পাঠদান শুরু হওয়ার কথা রয়েছে। যারা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি কিংবা নির্ধারিত সময়ে আবেদন করতে পারেনি, তাদের জন্য ২৪ সেপ্টেম্বরের পর নতুন করে আবেদনের সুযোগ রাখা হবে।
আরো পড়ুন: আজই হতে পারে পে-স্কেলের গেজেট, কোন গ্রেডে বেতন কত?
ভর্তি কমিটি জানিয়েছে, পরবর্তী সময়ে শিক্ষার্থীরা অন্তত পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখলে কলেজ না পাওয়ার ঝুঁকি কমবে।
কলেজভেদে ভর্তি ফি
শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ফি প্রতিষ্ঠান ও এলাকার ধরন অনুযায়ী নির্ধারিত হয়েছে। কলেজভেদে সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত ফি নেওয়া যাবে।
এমপিওভুক্ত কলেজের ক্ষেত্রে ঢাকা মহানগর এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ভর্তি ফি ৫ হাজার টাকা। অন্যান্য মহানগর ও বিভাগীয় শহরে এ সীমা ৩ হাজার টাকা। জেলা পর্যায়ে সর্বোচ্চ ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকায় সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ঢাকার মহানগর এলাকায় বাংলা ভার্সনে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে। জেলা সদর এলাকায় বাংলা ভার্সনে ৩ হাজার ও ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকায় যথাক্রমে ২ হাজার ৫০০ ও ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
একাদশে ভর্তিতে ৭ শতাংশ কোটা
ভর্তি নীতিমালা অনুযায়ী, মোট আসনের ৯৩ শতাংশ সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে এসব আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
অবশিষ্ট ৭ শতাংশ আসনের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে। তবে এই কোটাব্যবস্থা শুধু ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য কার্যকর থাকবে।
