রোহিঙ্গাবাহী নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:৫১ পিএম
ছবি : সংগৃহীত
মিয়ানমারের উপকূলে রোহিঙ্গা শরণার্থী বহনকারী দু‘টি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ৫০০ জনেরও বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। যদিও ঘটনাটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবে এটিকে রোহিঙ্গাদের চলমান মানবিক সংকটের আরেকটি মর্মান্তিক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দেওয়া এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, ৫০০ জনের বেশি আরোহী নিয়ে দুটি নৌকা মিয়ানমারের উপকূলে ডুবে যাওয়ার খবরে তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে। খবর সামা টিভির।
প্রাথমিক তথ্যে জানা গেছে, জুনের শেষ দিকে মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্য থেকে দুটি নৌকাই যাত্রা শুরু করেছিল। আরোহীদের অধিকাংশই ছিলেন রোহিঙ্গা শরণার্থী। তাদের মধ্যে কয়েকজন বাংলাদেশে কক্সবাজারের শরণার্থী শিবির থেকে গিয়ে এই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে পাড়ি জমিয়েছিলেন।
আরো পড়ুন : হরমুজের পর আরেক প্রণালি বন্ধের ইঙ্গিত ইরানের
জাতিসংঘের দুই সংস্থা জানিয়েছে, এ ঘটনায় ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে এখনো হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা কিংবা ঘটনার বিস্তারিত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
তথ্য অনুযায়ী, প্রথম নৌকাটিতে প্রায় ২৫০ জন আরোহী ছিলেন। মিয়ানমার ছাড়ার অল্প সময়ের মধ্যেই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দ্বিতীয় নৌকাটিতে ছিলেন প্রায় ২৮০ জন। ধারণা করা হচ্ছে, সেটি ৮ জুলাই আয়েয়ারওয়াডি উপকূলের কাছে ডুবে যায়।
যৌথ বিবৃতিতে ইউএনএইচসিআর ও আইওএম বলেছে, ‘ঘটনার সব তথ্য এখনো নিশ্চিত না হলেও সম্ভাব্য প্রাণহানির সংখ্যা অত্যন্ত উদ্বেগজনক।’
এদিকে নৌকায় থাকা যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে, তা জানতে উদ্ধার তৎপরতা ও তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
