ব্যাংক সেবায় নতুন ফি, বাড়তে পারে গ্রাহক খরচ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০১:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
ব্যাংকিং সেবার বিভিন্ন খাতে নতুন করে ফি আরোপের প্রস্তাব দিয়েছে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)। প্রস্তাব অনুযায়ী, মাসে তিনবারের বেশি ব্যাংক কাউন্টার থেকে টাকা তুললে অতিরিক্ত চার্জ দিতে হবে। এছাড়া নিষ্ক্রিয় ব্যাংক হিসাব পুনরায় চালু করাসহ মোট ১৪টি সেবায় নতুন ফি চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।
বর্তমানে প্রতিদিনই ব্যাংকিং চ্যানেলে লেনদেনের পরিমাণ বাড়ছে। তবে একই সঙ্গে ব্যাংকিং সেবার ব্যয়ও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সঞ্চয়, অর্থ উত্তোলনসহ বিভিন্ন সেবায় গ্রাহকদের খরচ আগের তুলনায় বেড়েছে।
এবিবির প্রস্তাবে এতদিন বিনামূল্যে পাওয়া ১৪টি সেবায় নতুন ফি চালুর পাশাপাশি বিদ্যমান বিভিন্ন চার্জও বাড়ানোর সুপারিশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, মাসে তিনবার পর্যন্ত কাউন্টার থেকে বিনা খরচে টাকা তোলা গেলেও এরপর প্রতিবার উত্তোলনে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত ফি দিতে হতে পারে। এছাড়া নিষ্ক্রিয় হিসাব সচল করতে ৫০০ টাকা ফি এবং ঋণ প্রক্রিয়াকরণ মাশুল চার গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাবও রয়েছে।
ব্যাংকিং খাতের বিশ্লেষকদের মতে, পরিচালন ও প্রযুক্তিগত ব্যয় বৃদ্ধির যুক্তিতে বাংলাদেশ ব্যাংকে দেওয়া এ প্রস্তাব অনুমোদন পেলে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের ব্যাংকিং ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। এতে বিশেষ করে সীমিত আয়ের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হবেন।
আরো পড়ুন : দেশের বাজারে দুই দফা কমে আজ স্বর্ণের দাম কত?
অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান আবু নাসের বখতিয়ার বলেন, চার্জের হার কিছুটা কমবেশি হতে পারে। বাংলাদেশ ব্যাংক প্রয়োজন মনে করলে তা কমানোর সিদ্ধান্ত নিতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শহীদুল জাহীদ বলেন, প্রস্তাবিত চার্জের হার তুলনামূলক বেশি। এতে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা ব্যবহারকারী গ্রাহকদের মধ্যে ব্যাংকমুখী হওয়ার আগ্রহ কমে যেতে পারে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকগুলোর প্রস্তাব তারা পেয়েছে। তবে গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয়, এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করা হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সাধারণ মানুষের ওপর অতিরিক্ত ফি বা চার্জ আরোপ করা হলে ব্যাংকের প্রতি তাদের অনীহা তৈরি হতে পারে। তাই এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কেন্দ্রীয় ব্যাংক অত্যন্ত সতর্কতার সঙ্গে বিষয়টি পর্যালোচনা করবে।
গ্রাহকদের দাবি, ব্যাংকিং সেবার খরচ বাড়ানোর পরিবর্তে আমানতের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনের সময় সহজে অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা দেওয়া উচিত।
এদিকে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোকে অতিরিক্ত ফি আরোপের পরিবর্তে ঋণ বিতরণ বাড়িয়ে মুনাফা অর্জনের দিকেই গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে।
অন্যদিকে ব্যাংকগুলোর দাবি, বিভিন্ন সেবায় ফি নির্ধারণ আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার একটি স্বাভাবিক চর্চা এবং পরিচালন ব্যয় সামাল দিতেই এ ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে।
